লিভারপুলের জন্য লোকটি চুল কাটেন না ১১ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উকে ক্রাসনিকি চুল কাটেন না ১১ বছর!
উকে ক্রাসনিকি চুল কাটেন না ১১ বছর!

প্রিয় দলের জন্য সমর্থকেরা কত কিছুই না করেন! সেগুলো দেখলে মনটা আর্দ্র না হয়ে পারে না। খেলাধুলার সার্থকতা বুঝি এখানেই। সেখানে আর্থিক নয়, আত্মার সম্পর্কটাই মুখ্য। এই যেমন বুলগেরিয়ার দ্রাকোব লেবিদজোবের কথাই ধরুন। ১৫ বছর ধরে বেচারা আইনি লড়াই চালাচ্ছেন নিজের নাম ‘ম্যানচেস্টার দ্রাকোব লেবিদজোব-ইউনাইটেড’ করতে। আরেকজন কসোভোর উকে ক্রাসনিকি, যিনি পণ করেছেন লিভারপুল লিগ শিরোপা জিতলে তবেই চুল কাটবেন, নতুবা নয়!
২০০৩ সাল থেকে চুল কাটা বন্ধ করেছেন উকে। অবশ্য এর মাঝে লিভারপুল যে একেবারেই শিরোপা জেতেনি, তা নয়। রেডদের ঘরে উঠেছে এফএ কাপ (২০০৬), লিগ কাপ (২০১২), চ্যাম্পিয়নস লিগ (২০০৫) শিরোপা। কেবল একটি শিরোপাই আসেনি, সেটি ইংলিশ প্রিমিয়ার লিগ। উকের মন্তব্য, ‘২০০৩ থেকে চুল কাটা বন্ধ করেছি। এখনো পর্যন্ত লিভারপুল সব শিরোপা জিতেছে কেবল লিগটা ছাড়া। তবে এবার আমরা শিরোপার অনেক কাছাকাছি।’
অথচ ইংলিশ প্রিমিয়ার লিগে একটা সময় ছিল ‘অল রেড-রাজ’। ‘একটা সময়’ বলতে নব্বই দশকের আগের কথা। ১৯৮৯-৯০ মৌসুমে জেতার পর লিগ শিরোপা কোনো এক রহস্যময় কারণে লিভারপুলের ওপর থেকে মুখ ঘুরিয়ে নিল। নব্বইয়ের পর কিছুতেই অল রেডদের হাতে ধরা দিল না আরাধ্য শিরোপা। তবে লিভারপুলের সমর্থকদের জন্য সুখবর—ব্রেন্ডন রজার্সের দল ২৪ বছর পর এবার শিরোপার অনেক কাছাকাছি। যদিও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেলসি। তবে মৌসুমের বাকি ম্যাচগুলোয় বড় কোনো অঘটন না ঘটলে লিভারপুলের শিরোপা জয় রোধ কঠিনই বটে।