লিভারপুলের নাটকীয়, ম্যানসিটির বিতর্কিত জয়

কাল রাতে জয়বঞ্চিত হতে হয়নি এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাপ্রত্যাশী দুই দল লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে। তবে দুইটা ম্যাচই শেষ হয়েছে দুই রকমের আবহে। লিভারপুল-স্টোক সিটির ম্যাচটা ছিল চরম নাটকীয়তায় পরিপূর্ণ। শেষ পর্যন্ত লুইস সুয়ারেজের জোড়া গোলের সুবাদে লিভারপুল মাঠ ছেড়েছে ৫-৩ গোলের জয় নিয়ে। আর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ২-০ গোলের জয়টাতে ছিল বিতর্কের ছায়া।
বিতর্কিত হলেও ২-০ গোলের জয়টা দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। অবশ্য আজ আর্সেনাল যদি অ্যাস্টন ভিলাকে হারাতে পারে, তাহলে আবারও দ্বিতীয় স্থানে নেমে যেতে হবে সিটিকে। ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে লিভারপুল।
লিভারপুল-স্টোক সিটি
স্টোক সিটির মাঠে গতকাল শুরুতেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। সেটা অবশ্য প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে। খেলা শুরুর পাঁচ মিনিট পরে নিজেদের জালেই বল জড়িয়েছিলেন স্টোক সিটির ডিফেন্ডার রায়ান সাওক্রস। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দেন দুর্দান্ত ফর্মে থাকা লুইস সুয়ারেজ। কিন্তু এরপর দুর্দান্ত দাপটে খেলায় সমতা ফেরায় স্টোক সিটি। ৩৯ ও ৪৫ মিনিটে সমতাসূচক গোল দুটি করেন পিটার ক্রাউচ ও চার্লি অ্যাডাম। ২-২ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী ভূমিকায় মাঠে নামে লিভারপুল। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও দলকে এগিয়ে দেন স্টিভেন জেরার্ড। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন সুয়ারেজ। তবে খেলাটা নাটকীয় করে তুলতেই যেন ৮৫ মিনিটে স্টোক সিটির পক্ষে আরেকটি গোল করে বসেন জনাথন ওয়াল্টার্স। তবে শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছেড়েছে অল রেডরা। ওয়াল্টার্সের ৮৫ মিনিটের গোলটির দুই মিনিট পরেই লিভারপুলের পক্ষে পঞ্চম গোলটি করেছেন ড্যানিয়েল স্টুরিজ।

ম্যানচেস্টার সিটি-নিউক্যাসেল ইউনাইটেড
নিজেদের মাঠে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের বলি হতে হয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে। একনজরে ফলাফল দেখে মনে হতেই পারে যে ম্যানচেস্টার সিটি ২-০ গোলের সহজ জয়ই পেয়েছে। কিন্তু ম্যাচের পরিস্থিতি ছিল পুরোপুরিই ভিন্ন। আট মিনিটের মাথায় এডিন ডেকোর গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। এরপর ৩৪ মিনিটে খেলায় সমতা ফেরানোর মোক্ষম সুযোগ পেয়েছিল নিউক্যাসেল। দুর্দান্ত এক দূরপাল্লার শট থেকে সিটির জালে বলও জড়িয়ে দিয়েছিলেন নিউক্যাসেলের আইভরিয়ান মিডফিল্ডার চেক টিয়োটে। কিন্তু অফসাইডের অভিযোগে গোলটা বাতিল করে দেন রেফারি। গোল হয়ে যাওয়ার পরও রেফারির এই সিদ্ধান্ত বিতর্কের ঝড় তুলেছে ইংলিশ ফুটবল অঙ্গনে। এই গোলটা বাতিল করা না হলে খেলার ফলাফল অন্য রকম হতে পারত বলেও মনে করছেন অনেকে। ম্যানচেস্টার সিটির দ্বিতীয় গোলটি এসেছিল খেলা শেষ হওয়ার আগমুহূর্তে। অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোলটি করেছেন আলভেরো নেগ্রেদো। রয়টার্স