লিভারপুলের পতাকা ওড়ালেন তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কোনো ইংলিশ ক্লাব নেই। ইউরোপে তবু উড়ছে ইংলিশ পতাকা। আর ফুলহামকে সঙ্গে নিয়ে এর নেতৃত্ব দিচ্ছে এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়া প্রথম ইংলিশ ক্লাব লিভারপুল। পর্তুগালের বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে গেছে ‘অল রেড’রা। তাদের সঙ্গে সেমিফাইনালে উঠেছে আরেক ইংলিশ ক্লাব ফুলহাম। জার্মানির ভলফ্সবুর্গকে ১-০ গোলে হারিয়েছে তারা।চ্যাম্পিয়নস লিগ আর ইংলিশ প্রিমিয়ার লিগ স্বপ্ন আগেই শেষ গেছে লিভারপুলের। ইউরোপা লিগের আশাটাও বড় ধাক্কা খেয়েছিল লিসবনে প্রথম লেগটা ১-২ গোলে হেরে আসায়। কিন্তু পরশু ঠিক সময়ে জেগে উঠলেন ফার্নান্দো তোরেস। যাঁকে অনেকেই এ সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার বলে মনে করেন, সেই তোরেসই জোড়া গোল করে বাঁচিয়ে রাখলেন লিভারপুলের আশা।পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ শুরু করা লিভারপুল বেনফিকাকে পেছনে ফেলে প্রথমার্ধেই। ৭ মিনিটের মধ্যে ডির্ক কিউট ও লুকাসের গোলই এগিয়ে দিয়েছিল লিভারপুলকে। তোরেস ব্যবধানটা ৩-০ করেন। করডোজা একটি গোল ফেরত দিলে আবার চাপে পড়ে যায় স্বাগতিক দল। তবে শেষ মুহূর্তে আরেকটি গোল করে সেই চাপ থেকে লিভারপুলকে মুক্ত করেন তোরেস। ‘দুর্দান্ত এক রাতই কেটেছে আমাদের’—বলেছেন লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাঘার। আর বেনফিকার বিপক্ষে প্রথম লেগে হেরে যাওয়ায় যে রাফায়েল বেনিতেজ আর কোনো আশাই দেখছিলেন না, লিভারপুলের সেই কোচ বলেছেন, ‘ম্যাচটা আমরা দারুণ খেলেছি। ইউরোপা লেগটা জিতব বলেই আশা করি এখন।’ফুলহামের জয়ের নায়ক ববি জামোরা। মাত্রই ১৯ সেকেন্ডে ম্যাচের একমাত্র গোলটি করেছেন তিনি। দুই লেগ মিলে ৩-১-এ জিতে দল সেমিফাইনালে উঠেছে, জামোরা তো মহাখুশি। তবে সবচেয়ে বেশি খুশি তাঁরা একের পর এক পরাশক্তিদের হারাতে পারায়, ‘ইউরোপা লিগে আমরা ভালো দুটি দলকে হারাতে পেরেছি। ব্যাপারটা দারুণ।’ ভলফ্সবুর্গকে হারানোর আগে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ফুলহাম।’ এএফপি।