লিভারপুলের বিদায়, ফাইনালে ফুলহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রাতের অ্যানফিল্ড যেন বুধবার রাতের ন্যু ক্যাম্প। জিতেও হতাশায় মুহ্যমান এক দল, আরেক দল উল্লাসে ভাসছে হেরেও। সেমিফাইনালের প্রথম লেগে যাঁর গোলে লিভারপুলকে হারিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ, দ্বিতীয় লেগেও নায়ক সেই ডিয়েগো ফোরলান। গোল একটিই করেছেন, কিন্তু সেটা যে মহামূল্যবান ‘অ্যাওয়ে গোল!’ লিভারপুলের কাছে ২-১ গোলে হারার পরও ফোরলানের গোলেই ৩৬ বছর পর ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো। আর জিতেও হেরে যাওয়া লিভারপুল কোচ রাফায়েল বেনিতেজ চাইছেন দলটাকে ঢেলে সাজাতে।ইউরোপা কাপের ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বীর জন্য অবশ্য উপলক্ষটা আরও বড়, ক্লাবের ১৩১ বছরের ইতিহাসে এটাই তাদের প্রথম ইউরোপীয় ফাইনাল! ১২ মে যে ক্লাবের মাঠে হবে ফাইনাল, সেই হামবুর্গকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ফুলহাম। দুই দলের প্রথম লেগের ম্যাচ ছিল গোলশূন্য।চার বছর হতে চলল কোনো ট্রফি নেই। ইংলিশ লিগে লড়াইটাও এখন কেবল চতুর্থ হয়ে আগামী চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার জন্য। এবারের চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ায় খেলতে হয়েছে ইউরোপা কাপে, ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টটি জিতে হতাশা একটু কমাতে চেয়েছিল বেনিতেজের দল। সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হারার পরও সমর্থকেরা আশা ছাড়েনি। এই টুর্নামেন্টেই তো লিলে ও বেনফিকার বিপক্ষে প্রথম লেগে হেরেও দ্বিতীয় লেগে জিতে সামনে এগিয়েছে লিভারপুল। ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে পরশু আবারও তারা দিয়েছিল তেমন কিছুরই ইঙ্গিত। ৪৪ মিনিটে গত আগস্টে রোমা ছেড়ে আসা আলবার্তো অ্যাকুইলানির দুর্দান্ত ফিনিশিংয়ে প্রথম লেগের ব্যবধান ঘুচিয়ে দেয় স্টিভেন জেরার্ডের দল। নির্ধারিত সময়ে আর গোল হয়নি, অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটেই ইয়সি বেনায়ুনের গোলটিকেই মনে হচ্ছিল হামবুর্গের টিকিট। কিন্তু ফোরলান আছেন না? ১০২ মিনিটে উরুগুয়ের এই স্ট্রাইকারের গোলে টিকিটটা ছিনিয়ে নেয় অ্যাটলেটিকো।এত দিন সবাই বুঝতে পারছিল, বাদ পড়ার পর বেনিতেজও বুঝতে পেরেছেন তাঁর দলে কোনো সমস্যা আছে। কদিন পরই অ্যানফিল্ডে অর্ধযুগ পূর্ণ করতে যাওয়া কোচ তাই দলে চাইছেন নতুন প্রাণ, ‘মৌসুমটা সত্যিই ভালো গেল না। সমস্যা যে কিছু আছে, এটা তো পরিষ্কার। দলে এত বেশি ইনজুরি, এত বেশি সমস্যা...হয়তো আমাদের তিন, চার বা পাঁচজন নতুন খেলোয়াড় দরকার।’নিজেদের মাঠে ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ফুলহামের মাঠ ক্রাভেন কটেজে গিয়েছিল হামবুর্গ এসভি। ম্লাদেন পেট্রিচের ২২ মিনিটের গোলে স্বপ্নটাকে বাস্তবই মনে হচ্ছিল। তবে সেমিতে আসার পথে বর্তমান চ্যাম্পিয়ন শাখতার দোনেত্স্ক, ইতালিয়ান ‘দৈত্য’ জুভেন্টাস ও জার্মান চ্যাম্পিয়ন ভলফ্সবুর্গকে হারিয়ে চমক দেখানো ফুলহামের আরেক প্রস্থ চমক বাকি ছিল তখনো। সাইমন ডেভিসের ৬৯ ও জোলতান গেরার ৭৬ মিনিটের গোলে শেষ পর্যন্ত জিতেছে তারাই। এ মৌসুমে কোনো ইউরোপিয়ান শিরোপা জয়ে ইংলিশদের ভরসা এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১২-তে পড়ে থাকা ফুলহাম! ওয়েবসাইট।