লিভারপুলের মেসি সুয়ারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডাইভার’ তকমাটা প্রায় পাকাপাকিভাবেই সেঁটে গেছে লুইস সুয়ারেজের গায়ে। লিভারপুল স্ট্রাইকার ইচ্ছা করেই পড়ে যাওয়ার জন্য হলুদ কার্ডও দেখেছেন। এ জন্য খোদ লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের ভৎর্সনাও জুটেছে উরুগুইয়ান স্ট্রাইকারের কপালে। কিন্তু এই সুয়ারেজ আবার অল রেডদের ত্রাণকর্তাও বটে। তাঁর গোলেই অ্যানফিল্ডে গত পরশু একটা পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পেরেছে লিভারপুল। ম্যাচটার বেশির ভাগেরই নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের হাতে। কিন্তু ইয়োহান কাবাইয়ের দুর্দান্ত এক গোলে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় নিউক্যাসল। অবশেষে লিভারপুলের মান বাঁচান সেই সুয়ারেজ। দল এখনো দুঃসময়ের আবর্তে, তবে সুয়ারেজের গোল অন্তত ঘরের মাঠে হারের লজ্জা থেকে বাঁচিয়েছে! উচ্ছ্বসিত রজার্স আনন্দের আতিশয্যে সুয়ারেজকে তুলনা করে ফেলেছেন মেসির সঙ্গে, ‘বার্সেলোনায় যেমন মেসি, সেও আমাদের হয়ে তেমনি ‘ফলস নাইন’ হিসেবে খেলে। এতে সে স্বাধীনভাবে খেলতে পারে আর অন্যরা পেছন থেকে চেষ্টা করে ভেতরে ঢোকার। সুয়ারেজের গোলটা ছিল দুর্দান্ত। সে একজন বিশ্বমানের স্ট্রাইকার।’ এ ড্রয়ের পর ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিভারপুল পড়ে রইল পয়েন্ট তালিকার ১২-তেই। এএফপি।