লিভারপুলের শিরোপা-স্বপ্নে ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওই দেখা যায় শিরোপা’—গোলের পর ডেমবা কি তাই দেখাচ্ছেন? ছবি: রয়টার্স
‘ওই দেখা যায় শিরোপা’—গোলের পর ডেমবা কি তাই দেখাচ্ছেন? ছবি: রয়টার্স

মাত্র একটি ভুল সারা জীবনের কান্না। কথাটির মর্মার্থ নিশ্চয় উপলব্ধি করতে পারেন স্টিভেন জেরার্ড। আজ অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে যে ভুলটি করলেন জেরার্ড, তার খেসারত কত দিন দিতে হয় কে জানে! জেরার্ডের ওই এক ভুলে প্রথম গোল পেল চেলসি। শিরোপার আরও কাছে যাওয়ার দারুণ সুযোগটি কাজে লাগাতে পারল না ‘অল রেড’রা। হোসে মরিনহোর দলের কাছে হারল ২-০ ব্যবধানে।

ম্যাচের স্কোর লাইন দেখে কে বলবে, পুরো ম্যাচে লিভারপুলের দখলে বল ছিল ৭৩ শতাংশ!  চেলসির দুটি গোলই হয়েছে অতিরিক্ত সময়ে। প্রথম গোলটি হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে , দ্বিতীয় গোল হয়েছে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে।

ডেমবা বার করা প্রথম গোলটি মূলত জেরার্ডের ভুলের মাশুল। প্রথম গোলের পরই রক্ষণাত্মক ফুটবলে চলে যায় মরিনহোর দল। মুহুর্মুহু আক্রমণের পরও গোলের দেখা পায়নি অল রেডরা। আক্রমণে গুরুত্ব দিতে গিয়ে লিভারপুলের আলগা হয়ে যাওয়া রক্ষণভাগের সুযোগে খেলার অন্তিম মুহূর্তে প্রতিআক্রমণে চেলসির দ্বিতীয় গোলটি করেন উইলিয়ান।

ঘরের মাঠে লিভারপুল ম্যাচ হারায় লাভের গুড় খাবে মূলত ম্যানচেস্টার সিটি। ৩৬ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮০, সমান ম্যাচে চেলসির পয়েন্ট ৭৮। অন্যদিকে ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট ৭৪। লিগে লিভারপুল ও চেলসির ম্যাচ বাকি রয়েছে তিনটি। আর সিটির বাকি রয়েছে পাঁচটি। মৌসুমের শেষ প্রান্তে এসে এমন হারে ২৪ বছর পর অল রেডদের শিরোপা জয় কঠিনই হয়ে গেল।