লিভারপুলের শিরোপাস্বপ্ন
দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা এবারও শেষ হবে কি না বলবে সময়। তবে সর্বশেষ ১৯৮৯-৯০ মৌসুমে ইংলিশ লিগজয়ী লিভারপুল এবার শিরোপাস্বপ্নে বিভোর। পরশু ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়ে চেলসিকে টপকে আবার শীর্ষে উঠেছে লিভারপুল।
জয়টা নিয়ে অবশ্য অন্য রকম একটা বিতর্ক আছে। লিভারপুলের দুটি গোলই অধিনায়ক স্টিভেন জেরার্ড করেছেন পেনাল্টি থেকে। প্রথমটি ৪৪ মিনিটে। একটু পরই ওয়েস্ট হামকে সমতায় ফেরান গাই ডেমেল। কিন্তু ডেমেল বল জালে জড়ানোর আগে লিভারপুল গোলরক্ষক সিমন মিনিওলেটকে ফাউল করেন ওয়েস্ট হাম ফরোয়ার্ড ক্যারল। কিন্তু ফাউল না দিয়ে রেফারি গোলই দিয়েছেন! লিগে টানা নবম জয়ে লিভারপুল চেলসির চেয়ে ২ এবং ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে ৪ পয়েন্টে। সিটির হাতে অবশ্য দুটি ম্যাচ বেশি আছে। অনেকেই বলছে আগামী রোববার লিভারপুল-সিটি ম্যাচটাই শিরোপানির্ধারক।
এদিকে দুঃসময়ে আটকে পড়া আর্সেনালের এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়াই অনিশ্চিত। পরশু এভারটনের কাছে ৩-০ গোলে হারের পর আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বলে দিয়েছেন, চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে হলে তাদের লড়াই করতে হবে। পাঁচে থাকা এভারটনের চেয়ে আর্সেনাল এখনো ১ পয়েন্টে এগিয়ে থাকলেও এভারটনের ম্যাচ বেশি আছে একটি। এএফপি।