লিভারপুলের সেই একই দশা!

অনেক প্রত্যাশায় নতুন মৌসুম শুরু করেছিল লিভারপুল। মাঠের পারফরম্যান্সও সেই আশার পালে হাওয়া দিয়ে যাচ্ছিল। শনিবারের আগে ইপিএলের পয়েন্ট তালিকায় দলটির শীর্ষ অবস্থান সমর্থকদের মধ্যেও তৈরি করেছিল প্রত্যাশার আলোকচ্ছটা। কিন্তু শনিবার সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরে দলটির পুরোনো দুর্বলতাগুলোই আবার নতুন করে সামনে চলে এল।
লিভারপুল বারবারই যে ব্যাপারগুলো নিয়ে সমস্যায়, সেগুলোই যেন নগ্ন হয়ে ফুটে উঠল সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে। ফুটে উঠল সবচেয়ে বড় দুর্বলতাই—লিভারপুলের স্কোয়াডে গভীরতার বড় অভাব।
ভালো করতে করতে হঠাত্ই নিজেদের হারিয়ে ফেলা—গত কয়েক মৌসুম ধরে লিভারপুলের নিয়মিত পরিণতি। অনেক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেললেও দলটি হোঁচট খায় এমন সব প্রতিপক্ষের কাছে, যাদের বিপক্ষে জয়টা প্রত্যাশারই।
সাউদাম্পটনের বিপক্ষে হারের পর হঠাত্ই যেন অন্ধকার নেমে এসেছে অ্যানফিল্ডের আনাচকানাচে। তাহলে কী এবারও একই ব্যাপার। কালকের হারের পর লিভারপুল-সমর্থকদের যেন ‘ভিক্ষা চাই না, কুকুর সামলাও’ অবস্থা। প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার নিয়ে যেখানে কথা হচ্ছিল, সেখানে কালকের পর সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াটাই মনে হচ্ছে বিরাট কিছু।
সাউদাম্পটনের বিপক্ষে হারকে দুর্ভাগ্যজনকই বলছেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স, ‘দুর্ভাগ্যবশত আমরা এই ম্যাচের আগেই একই সঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারিয়েছি।’
বেশ অনেক দিন পরেই হারের তেতো স্বাদ পেল লিভারপুল। গত মার্চে এই সাউদাম্পটনের বিপক্ষে হারের পর টানা ১৩ ম্যাচে অপরাজেয় থাকার গৌরবটা ভঙ্গ হলো ওই সাউদাম্পটনের হাতেই। যেন এক বৃত্ত পূরণ।
ইনজুরির কারণে খেলতে পারেননি দলের ব্রাজিলীয় প্লেমেকার লিনচপিন ফিলিপে কুটিনহো। তাঁর অনুপস্থিতিতে পুরো দলই আক্রমণের ধার হারিয়েছিল। ইনজুরি সমস্যা এমন অবস্থার সৃষ্টি করেছিল যে দলের রক্ষণভাগ বানাতে হয়েছে চারজন সেন্ট্রাল ডিফেন্ডারের সমন্বয়ে।
কোচ রজার্সও স্বীকার করেছেন ইনজুরি সমস্যাই কাল সাউদাম্পটনের বিপক্ষে সমস্যায় ফেলেছিল লিভারপুলকে, ‘সত্যিই কাল যাদের মাঠে নামানো হয়েছে তাদের ছাড়া কোনো উপায়ই ছিল না। ইনজুরি সমস্যার জন্য বেশ কয়েকজনকে পাওয়া সম্ভব ছিল না।’
শনিবারের শনির দশায় পড়ে লিভারপুল এখন অপেক্ষায় লুইস সুয়ারেজের। ১০ ম্যাচের বহিষ্কারাদেশ কাটিয়ে পরের ম্যাচেই ফিরছেন সুয়ারেজ। গত মৌসুমে ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দেওয়ার কারণে উরুগুইয়ান এই স্ট্রাইকারকে ১০ ম্যাচের জন্য বহিষ্কার করেছিল এফএ। সুয়ারেজের গোল অতীতে অনেকবারই লিভারপুলকে কঠিন পরিস্থিতি পেরিয়ে যেতে সহায়তা করেছে। রজার্স আশাবাদী পরের ম্যাচ থেকে সুয়ারেজের সেবা দারুণভাবেই পাল্টে দেবে দলকে, ‘সাউদাম্পটনের বিপক্ষে হেরেছি। সবকিছু একেবারেই ফুরিয়ে যায়নি। পরের ম্যাচে সুয়ারেজ ফিরবে। আশা করছি আমরা ঘুরে দাঁড়াব।’ সূত্র: রয়টার্স।