লির টি-টোয়েন্টি ভাবনা
আন্তর্জাতিক টি-টোয়েন্টির শুরুর সঙ্গী তিনি। ১৭ ফেব্রুয়ারি ২০০৫, মেলবোর্নে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার প্রথম ওভারটা করেছিলেন তিনিই। আজ দলের ৪২তম টি-টোয়েন্টিতেও সম্ভবত নতুন বলটা হাতে নেবেন। এই সাড়ে ছয় বছরে ব্রেট লির উপলব্ধি, বদলে গেছে টি-টোয়েন্টি ক্রিকেট। একসময়ের ‘ফান’ ক্রিকেট এখন ভীষণ ‘সিরিয়াস’, গুরুত্বের সঙ্গে নিচ্ছে সব দলই।পাল্লেকেলেতে আজ শুরু হচ্ছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার মাটিতে এই প্রথম টি-টোয়েন্টি খেলছে অস্ট্রেলিয়া, এই ম্যাচ দিয়ে আবার টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামেরও। আগামী পরশু সিরিজের শেষ টি-টোয়েন্টিও এখানে।একসময় হয়তো এই সিরিজ নিয়ে খুব বেশি উত্তাপ থাকত না। কিন্তু বদলে যাওয়া প্রেক্ষাপটে এখন টি-টোয়েন্টির জয়-হারও ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে মরিয়া দুই দলই। পরিবর্তিত সেই দৃষ্টিভঙ্গি উঠে এল লির কণ্ঠে, ‘টি-টোয়েন্টি এখন নিশ্চিতভাবেই ক্রিকেটার ও দর্শকের কাছে ক্রিকেটের তৃতীয় সংস্করণ হিসেবে স্বীকৃত। খেলাটা এখন ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। ২০০৪-০৫ সালের দিকে সংবাদমাধ্যম এবং সম্ভবত আমাদের কাছেও এটা ছিল স্রেফ মজা। কারণ, কেউ আসলে তখনো বুঝে উঠতে পারেনি টি-টোয়েন্টি কীভাবে খেলা উচিত। লোকে ভাবত ৪ ওভারে ১৮-২০ রান দেওয়া মানেই বেশ খরুচে বোলিং। কিন্তু এখন ৪ ওভারে ৩০ রান দেওয়া, মাঝেমধ্যে ৪০ রান দেওয়াও বেশ ভালো।’ ওয়েবসাইট।