লির টেস্ট বিদায়
সন্ধ্যার আলো-আঁধারির অদ্ভুত মায়াময়, বিষণ্ন এক পরিবেশ। পরনে হালকা আকাশি শার্ট, ছাইরঙা টাই। কালো স্যুট। মুখে চিরচেনা সেই হাসি। সিডনির ক্রিকেট মাঠে আলোকচিত্রীদের অনুরোধে এভাবেই ক্যামেরাবন্দী হলেন ব্রেট লি। হাতে কোকাবুরার লাল রঙের বল। হয়তো শেষবারের মতো আধুনিক ক্রিকেটের অন্যতম গতিতারকার হাতের শেষ ছোঁয়া পেল ওই লালরঙা বলটি। অনুমানটি সত্যি করে ততক্ষণে যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার।‘আমার কাছে টেস্ট ক্রিকেট, ব্যাগি গ্রিন টুপিটাই সবচেয়ে প্রিয়। কিন্তু আরও কয়েক বছর ক্রিকেট খেলে যাওয়ার জন্য আমাকে এই সিদ্ধান্তটা নিতেই হতো’—সরে দাঁড়ানোর এই সিদ্ধান্তকে সময়ের দাবি বলেছেন লি। যে সময়ের দাবি মেনে তাঁর আগে অ্যান্ড্রু ফ্লিনটফও সরে দাঁড়িয়েছেন। ফ্লিনটফই আসলে পথের দিশারি। সামনের দিনগুলোতে আরও অনেকেই এই পথ অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে।৩৩ বছর বয়সী লি অবশ্য ওয়ানডে আর টি-টোয়েন্টি নিয়মিত খেলতে চান। তাঁর ‘প্রিয় ভারতে’ অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপেও খেলার ইচ্ছে আছে বলে জানিয়েছেন। ইনজুরি-জর্জর ক্যারিয়ারটাকে সামনে এগিয়ে নিতেই সরে দাঁড়ানো পাঁচ দিনের ক্রিকেট থেকে। ৭৬ ম্যাচে ৩১০টি উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি লি এও জানিয়েছেন, সিদ্ধান্তটা নিতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাঁকে, ‘সিদ্ধান্তটা রাতারাতি নিইনি। এটা ছিল অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া। ক্রিকেট থেকে অনেক দিন দূরে সরে ছিলাম। এই সময়টায় তাই সিদ্ধান্ত নিতে পেরেছি আমার ভবিষ্যত্ লক্ষ্য সম্পর্কে। সিদ্ধান্তটা নিতে তিন-চার মাস সময় লেগেছে। অবশেষে আমি সেটি নিয়েই ফেলেছি।’১৯৯৯ সালে মেলবোর্নের বক্সিং ডে টেস্টে অভিষেক। অস্ট্রেলিয়ার রাজত্ব করা দশকটার অন্যতম সেনানির শেষটাও হয়ে থাকল সেই মেলবোর্নই, ২০০৮ সালের বক্সিং ডে টেস্ট। এর মাত্র দু বছর আগে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। তার আগের বছর ঘণ্টায় ৯৯.৯ মাইল বেগে বল করার রেকর্ড গড়েছিলেন, যেটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গতির বল।টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হিসেবে লি অবশ্য বেছে নিলেন অভিষেক টেস্টে পাওয়া প্রথম উইকেটটিকেই। ভারতের ওপেনার সদগোপন রমেশকে করেছিলেন বোল্ড। তাতেই সব চাওয়া পূরণ হয়ে গিয়েছিল জানিয়ে বলেছেন, ‘ওই সময়ই চাইলে আমি অবসর নিয়ে নিতে পারতাম।’টি-টোয়েন্টির প্রথম হ্যাটট্রিকের মালিক এখন থেকে মূলত টি-টোয়েন্টিতেই মনোযোগ দেবেন। সেটিও হয়ে যেতে পারে শুধুই আইপিএলের মতো বেসরকারি টুর্নামেন্টগুলো। কারণ, অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে তাঁর ফেরার সম্ভাবনাও ক্ষীণ। এএফপি, ওয়েবসাইট।