লির দৃষ্টি ওয়েস্ট ইন্ডিজে
গ্লেন ম্যাকগ্রার অবসরের পর তাঁর হাতেই উঠেছিল অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নেতৃত্ব। সময়ের পরিক্রমায় আজ ব্রেট লি দলের বাইরে। শরীর আর কুলোচ্ছিল না। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেশি মনোযোগ দেওয়ার জন্য সম্প্রতি বিদায় বলে দিয়েছেন টেস্ট ক্রিকেটকে। তবে ওয়েস্ট ইন্ডিজে এপ্রিলের টি-টোয়েন্টি বিশ্বকাপেই দলে ফিরে আবার বোলিংয়ের নেতৃত্ব কাঁধে তুলে নিতে চান তিনি। ‘আমি কঠোর পরিশ্রম করছি, ফিটনেস নিয়ে কাজ করছি। উন্নতি ভালোই হচ্ছে, সব ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজেই (টি-টোয়েন্টি বিশ্বকাপ) আমি নতুন বল হাতে নেব এবং আরও বছর দুয়েক অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে নেতৃত্ব দেব। সবাইকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে এখনো ফুরিয়ে যাইনি’—দুবাইয়ে যুবরাজ সিং ও ইরফান পাঠানের সঙ্গে একটি ক্রিকেট সেন্টার উদ্বোধন করতে এসে রয়টার্সকে বলেছেন লি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের পর থেকেই নানা সময়ে পা, গোড়ালি এবং পিঠের ইনজুরিতে ভুগেছেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আইপিএলে খেলতে মাঠে নেমে যেতে পারেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে।কথা প্রসঙ্গে লি বলেছেন শচীন টেন্ডুলকারের কথাও। ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরিয়ানকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি, ‘কমপক্ষে ২০ জন খুব ভালো ক্রিকেটার আছে, যাদের বিপক্ষে আমি বোলিং করেছি, কিন্তু শচীন টেন্ডুলকার অন্য রকম। সে সম্পূর্ণ ক্রিকেটার। আমি নিজেই তার বড় ভক্ত, তাকে বোলিং করতে পারাটাই সম্মানের।’টি-টোয়েন্টি বিশ্বকাপে লি স্বমহিমায় ফিরতে পারলে সবচেয়ে খুশি হবেন হয়তো রিকি পন্টিংই। সম্প্রতি টি-টোয়েন্টিতে শন টেইট-ডার্ক ন্যানেস-মিচেল জনসনের গতিতে হাঁসফাঁস করেছেন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। সঙ্গে লি যোগ হলে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আরও ধারালো হবে সন্দেহ নেই। ওয়েবসাইট।