লিলি যাচ্ছেন, ম্যাকগ্রা আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুর আসনে বসছেন শিষ্য। এমআরএফ পেস ফাউন্ডেশনে গুরু ডেনিস লিলির স্থলাভিষিক্ত হচ্ছেন গ্লেন ম্যাকগ্রা। ভারতের বিখ্যাত ক্রিকেট একাডেমির পরিচালক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার লিলি। এমআরএফের সমার্থক হয়ে যাওয়া লিলির কাছ থেকে আগামী বছর এমআরএফের দায়িত্ব বুঝে নিচ্ছেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেস বোলার ম্যাকগ্রা। পরশু একাডেমির নতুন পরিচালক হিসেবে ঘোষিত হয়েছে ম্যাকগ্রার নাম। একসময় চেন্নাইয়ের এই ফাস্ট বোলিং একাডেমিতেই নিজের দক্ষতায় শাণ দিতে এসেছিলেন দ্য পিজিয়ন। ফাস্ট বোলারদের প্রশিক্ষণ দেওয়া ও মানসম্পন্ন ফাস্ট বোলার তৈরি করার জন্যই ফাস্ট বোলারদের বধ্যভূমি ভারতে এই একাডেমির প্রতিষ্ঠা সেই ১৯৮৭ সালে। এমআরএফ টায়ারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের শুরু থেকেই ছিলেন লিলি। ২৫ বছর দায়িত্ব পালনের পর এ বছর দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন লিলি। বয়স হয়ে গেছে ৬৩, এখন সময় পরিবারের সান্নিধ্যে থাকার। এই যুক্তিতেই এমআরএফ ছাড়ছেন ৩৫৫টি টেস্ট উইকেটের মালিক।২০০৭ সালে ক্রিকেট ছাড়া ম্যাকগ্রার কাছে নতুন দায়িত্বটা ‘বিশাল সম্মানের’। এখন চেন্নাইয়ে অবস্থান করা ৪২ বছর বয়সী ম্যাকগ্রা বলেছেন তিনি খুশি হবেন লিলির অর্ধেক কাজও করতে পারলে, ‘এ দায়িত্বটা খুব কঠিন। ডেনিস সাফল্যের সঙ্গে যেসব কাজ করেছেন তার অর্ধেক অর্জনও যদি করতে পারি তাতেই আমি খুশি হব।’লিলির উত্তরসূরি হয়ে তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করাটা কঠিন হলেও ভালোভাবেই করতে চান ম্যাকগ্রা, ‘এই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করতে পারা দারুণ সম্মানের। আমি জানি, ডেনিস লিলির মতো কিংবদন্তির সমকক্ষ হওয়া সম্ভব নয়। তাঁর মতো হওয়াটা অসম্ভব, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করব।’এমআরএফ থেকে উঠে আসা ভারতের সবচেয়ে বিখ্যাত দুই বোলার হলেন জাভাগাল শ্রীনাথ ও জহির খান। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে ম্যাকগ্রা ছাড়াও, ব্রেট লি, মিচেল জনসন ও চামিন্ডা ভাস এখানে প্রশিক্ষণ নিয়েছেন। এএফপি।