লিলির অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার বছর ধরে পথ হেঁটে কবির উপলব্ধি হয়েছিল, তিনি ক্লান্তপ্রাণ। আন্তর্জাতিক ফুটবলে ২৪ বছরের ক্যারিয়ারটাও হাজার বছর পথ হাঁটার সমান। ক্রিস্টিন লিলি তাই বলছেন, ‘আমি ক্লান্ত। এবার সময় হয়েছে বিদায়ের।’জাতীয় দলের হয়ে তাঁর অভিষেক হয়েছিল ১৯৮৭ সালে। চ-ব্বি-শ বছর! দুই যুগ পেরিয়ে এসে অবশেষে অবসরের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবলার। ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডারের নাম অবশ্য থেকে যাবে ইতিহাসের পাতায়। জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৫২টি ম্যাচ। নারী-পুরুষ মিলিয়ে যেটি বিশ্ব রেকর্ড। ১৩০টি আন্তর্জাতিক গোলও আছে তাঁর নামের পাশে। মেয়েদের ফুটবলে যেটি দ্বিতীয় সর্বোচ্চ।পাঁচটি বিশ্বকাপ খেলা একমাত্র নারী ফুটবলার তাঁর অবসরের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমার জন্য এটি ছিল দারুণ এক অভিজ্ঞতা।’যুক্তরাষ্ট্র দলের হয়ে ১৯৯৯ বিশ্বকাপ ছাড়াও লিলি সোনা জিতেছেন ১৯৯৬ ও ২০০৪ অলিম্পিক ফুটবলে। ক্লাব ফুটবলে যুক্তরাষ্ট্রের মহিলা পেশাদার লিগে গত দুই মৌসুমে খেলেছেন বোস্টন ব্রেকারসে। সব মিলে অবসর নেওয়ার এটাই তাঁর কাছে ছিল সঠিক সময়, ‘অবসর নেওয়ার এটাই সঠিক সময় মনে হয়েছে আমার কাছে।’ এএফপি।