লিলিরও সেরা টেন্ডুলকার
এমআরএফ পেস ফাউন্ডেশনের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলছেন ডেনিস লিলি। ভারতের এই বিখ্যাত ফাস্ট বোলিং একাডেমির সমার্থক হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার পরশু নিজেই জানিয়েছেন এই খবর। পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে ও ভ্রমণে অনীহার কারণেই এমন সিদ্ধান্ত ৬২ বছর বয়সী লিলির। আর মাত্র দুটি প্রশিক্ষণ ক্যাম্প, লিলি এরপরই চেন্নাই ছেড়ে ফিরে যাবেন দেশে। চেন্নাইয়ের এই একাডেমি থেকেই লিলির তত্ত্বাবধানে উঠে এসেছেন জাভাগাল শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ, জহির খানের মতো পেস বোলাররা। লিলির চোখে এরাই তাঁর সেরা ছাত্র। মুনাফ প্যাটেল ও এস শ্রীশান্ত নিজেদের প্রতিভার প্রতি সুবিচার না করায় হতাশাও আছে। তবে এমআরএফ থেকে বের হওয়ার আগে লিলি গর্ব করতে পারতেন শচীন টেন্ডুলকারকে নিয়েও। সুযোগটা ফিরিয়ে দিয়েছিলেন নিজেই। আশির দশকের শেষ দিকে ফাস্ট বোলার হওয়ার ইচ্ছা নিয়ে এমআরএফে এসেছিলেন টেন্ডুলকার। লিলি তাঁর সেই ইচ্ছা অঙ্কুরেই বিনষ্ট করে দেন। পরামর্শ দেন বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে। সেই ঘটনা মনে হলে এখন বিব্রতই বোধ করেন তিনি, ‘আমি আসলেই খুব বিব্রত বোধ করি...ফাস্ট বোলার হিসেবে তাকে বাতিল করে দিয়েছিলাম। তবে এখন মনে হচ্ছে আমি তাঁর এবং ক্রিকেটের উপকারই করেছি। মজা করেই বললাম কথাটা, তবে ওই ঘটনা কখনো ভুলব না।’ সর্বকালের সেরা ব্যাটসম্যান তো বটেই, শচীন টেন্ডুলকারকে এখন সর্বকালের সেরা ক্রিকেটারও মনে করেন লিলি।ওই ঘটনার এক বছর পর আবার এমআরএফে আসেন টেন্ডুলকার। তবে পেস বোলার হতে নয়, এবার আসেন ব্যাটসম্যান হিসেবে। লিলির সামনেই মাত্র ১২ বলে ৪৮ রান করেছিলেন ১৫ বছরের কিশোর টেন্ডুলকার। লিলি প্রথমে চিনতে না পারলেও সে সময়ের প্রধান কোচ টি এ শেখর চিনিয়ে দিয়ে বলেছিলেন, ‘গত বছর তো একেই ফাস্ট বোলার হিসেবে বাতিল করে দিয়েছিলেন...।’টেন্ডুলকারের সঙ্গে সেই পরিচয়টাও লিলি স্মরণ করেন গর্বভরে, ‘আমার সৌভাগ্য, টেস্ট ক্রিকেটে আসার আগেই তাকে দেখেছি। টেন্ডুলকার যে বিশ্বসেরা হবে, সেটা বুঝতে পারাটাও ভাগ্যের ব্যাপার।’ ওয়েবসাইট।