লিসবন ডাকছে রোনালদোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মাদ্রিদের একটি অনুষ্ঠানে রোনালদো। ছবি: রয়টার্স
কাল মাদ্রিদের একটি অনুষ্ঠানে রোনালদো। ছবি: রয়টার্স

স্পোর্টিং ক্লাবটিতে যখন নাম লেখালেন, বয়স ছিল মাত্র ১২ বছর। ১৭ বছর বয়সে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে অভিষেক। এই ক্লাবের হয়ে খেলেই নজর কেড়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনের। ২০০৩ সালে তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে এসেছিলেন ফার্গুসন। এরপর? যেমনটা খেলা হয়, বাকিটা ইতিহাস!

সেই ক্রিস্টিয়ানো রোনালদো এখন বিশ্ব-সেরা ফুটবলার। ইতিহাসের সর্বকালের সেরাদের একজন হিসেবেও বিবেচনা করা হয়। ক্যারিয়ার নদীর বাঁক অনেক পাল্টে গেলেও নিজের শেকড় কী করে ভুলবেন? রোনালদো তাই ভুলতে পারেন না লিসবন শহরটাকে, যেখানে যাত্রা শুরু হয়েছিল তাঁর ক্যারিয়ারের।

সেই লিসবনেই এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। স্পোর্টিংয়ের মাঠে অবশ্য নয়, বেনফিকার মাঠে। তা হোক, খেলাটা তো লিসবনেই। ২৪ মের ফাইনালটি খেলতে তাই মরিয়া রোনালদো। গতকাল নাইকির এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের রোনালদো বলেছেন, ‘আমরা টানা চারটি সেমিফাইনাল খেলেছি (রিয়ালের হয়ে)। আমার মনে হয়, এই বছর সেই সময় এসেছে যেবার আমরা ফাইনালে যেতে পারি। শুধু ফাইনাল কেন, আমরা এর চেয়েও বড় কিছুর কথা ভাবতে শুরু করে দিয়েছি।’

বড় কিছু মানে তো অবশ্যই ‘লা দেসিমা’। রিয়াল মাদ্রিদের দশ নম্বর ইউরোপ-সেরার ট্রফি। যেটি হবে রোনালদোর ক্যারিয়ারের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। রিয়ালের হয়ে প্রথম। রোনালদো অবশ্য আরেকটি কারণে বেশি করে চাইছেন এই ট্রফি, ‘লিসবনে পর্তুগালের মানুষের সামনে ফাইনাল খেলাটা হবে স্বপ্নের মতো। এটা অসাধারণ একটা স্টেডিয়াম।’ তবে রোনালদো এও মনে করিয়ে দিয়েছেন, আসল কাজটা সারতে হবে মঙ্গলবারের সেমিফাইনালের ফিরতি লেগে, ‘মঙ্গলবারেই আমাদের আরেকটা ফাইনাল খেলতে হবে। আমরা লিসবনে যাওয়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন আমরা অবশ্যই পূরণ করব।’

সেই স্বপ্ন পূরণের বড় ভার অবশ্য তাঁরই কাঁধে। শুধু তা-ই নয়, এবারের বিশ্বকাপেও পর্তুগালকে প্রায় একাই টানতে হবে রোনালদোকে। ২৯ বছর বয়সী রোনালদোর বিশ্বকাপ জেতার এটাই শেষ সুযোগ। রোনালদো নিশ্চয়ই ভীষণ চাপে থাকবেন। তবে তাঁর কথা, ‘আমি বড় চ্যালেঞ্জই ভালোবাসি। খুব বেশি চাপ অবশ্যই ভালো কিছু নয়। তবে আমি চাপটাকে ভালোইবাসি। চাপ অনুভব করব না যেদিন, সেদিন খেলাই ছেড়ে দেব।’