লিসবনের দিকে তাকিয়ে রোনালদো

ভ্যালাদোলিদের বিপক্ষে মাত্র নয় মিনিট পরই মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। রিয়াল মাদ্রিদও পায়নি কাঙ্ক্ষিত ফলাফল। ১-১ গোলে ড্র করার পর প্রায় শেষই হয়ে গেছে লস ব্লাঙ্কোসদের শিরোপা জয়ের স্বপ্ন। ডাগআউটে বসে কিছু না করতে পারার আক্ষেপেই হয়তো পুড়তে হয়েছে রোনালদোকে। তবে পর্তুগিজ এই তারকা এখন তাকিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপার দিকে। ২৪ মে নিজ শহর লিসবনে সেই লক্ষ্যে জ্বলে উঠতে চান এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডটা ইতিমধ্যেই গড়ে ফেলেছেন রোনালদো। মাত্র ১০ ম্যাচ খেলেই ১৬ গোল তাঁর। কিন্তু গোলক্ষুধা এখনো ফুরিয়ে যায়নি তাঁর। ফাইনালে গোল করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান ব্যালন ডি’অর বিজয়ী। তবে তাঁর কাছে দলের সাফল্যই যে মূল কথা, স্মরণ করিয়ে দিয়েছেন সেটাও, ‘রেকর্ড ভাঙতে পারাটা ভালো ব্যাপার। এখন আমি চাই চ্যাম্পিয়নস লিগ জিততে। ফাইনালে গোল করতে। তবে আমার সতীর্থরা গোল করলেও ভালো হবে। শিরোপা জিততে পারাটাই গুরুত্বপূর্ণ।’
চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের জন্য দুর্দান্ত ফর্মে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হতে হবে রোনালদোর রিয়ালকে। নগর প্রতিদ্বন্দ্বীদের সমীহ করলেও শেষ পর্যন্ত রিয়ালের ‘লা দেসিমা’র স্বপ্ন পূরণ হবে বলেই আশাবাদী রোনালদো, ‘অ্যাটলেটিকো দারুণ দল। তারা লা লিগার শীর্ষে আছে, এই তথ্যটিই তাদের সম্পর্কে বলে দেয় অনেক কিছুই। খেলাটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে শেষ পর্যন্ত জিতব আমরাই।’