লিস্ট ‘এ’ মর্যাদায় প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ এবার নানা কারণেই বিতর্কিত। ১ জুলাই থেকে শুরুর কথা থাকলেও এখন সেটা শুরু হবে ৩ জুলাই থেকে। প্রথম দিকে লিগে জাতীয় দলের খেলোয়াড়েরা খেলবেন কি না, তা নিয়ে সরগরম ছিল আলোচনা। এখন সেটা কেন্দ্রীভূত গ্রেডিং পদ্ধতিতে। ক্রিকেটারদের উচ্চমূল্যের পারিশ্রমিক ঠেকাতে চিরাচরিত দলবদল প্রথা বাদ দিয়ে এবার গ্রেডিং পদ্ধতিতে হবে পারিশ্রমিক নির্ধারণ। তবে নিলাম নয়, ক্লাবগুলো খেলোয়াড় নেবে লটারির মাধ্যমে। এসব পরিবর্তন নিয়ে নেতিবাচক-ইতিবাচক দুই রকম আলোচনা থাকলেও আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগ একটা জায়গায় আলাদা হয়েই থাকবে। এবার থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পেয়ে যাচ্ছে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা।আনন্দের খবর। তবে যখন জানবেন, প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা লিস্ট ‘এ’র মর্যাদা পেতে পারত আরও সাত বছর আগেই, আফসোসও কি হবে না? ২০০৭ সালের আগ পর্যন্ত লিস্ট ‘এ’র মর্যাদা পেতে আবেদন করতে হতো অ্যাসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিসটিশিয়ানের (ক্রিকেট পরিসংখ্যানবিদদের সংস্থা) কাছে। ২০০৭ সালে কৃর্তত্বটা আইসিসির হাতে আসার পর ঠিক হয়, লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার জন্য কারও কাছে আবেদন করার প্রয়োজন নেই। নিজ নিজ বোর্ডই সিদ্ধান্ত নেবে তারা কোন ম্যাচ বা ম্যাচগুলোকে লিস্ট ‘এ’র মর্যাদা দেবে।তার মানে বিসিবি চাইলে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত হওয়া গত ছয়টি লিগের ম্যাচগুলোকেও প্রথম শ্রেণীর ওয়ানডের মর্যাদা দিতে পারত। বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত পরিসংখ্যানে জমা হতো এই ছয় বছরের পারফরম্যান্সও। দুঃখজনক হলেও সত্যি, সেটা হয়নি।তার পরও সান্ত্বনা, অবশেষে সিদ্ধান্তটা নিয়েছে বিসিবি। ‘এ বছর থেকে প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচগুলোকে লিস্ট “এ” শ্রেণীভুক্ত হবে। বোর্ড সভায় অনুমোদনের পর আইসিসিকে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে’—কাল সিসিডিএমের সঙ্গে লিগ নিয়ে এক সমন্বয় সভা শেষে বলেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। জাতীয় লিগের ওয়ানডে ম্যাচগুলো শুরু থেকেই লিস্ট ‘এ’ শ্রেণীভুক্ত হলেও নানা কারণে অনিয়মিত হয়ে পড়েছে সে আয়োজন। বিপিএলের ম্যাচগুলোও লিস্ট ‘এ’ শ্রেণীভুক্ত টি-টোয়েন্টি ম্যাচ হিসেবেই বিবেচিত।লিস্ট ‘এ’র মর্যাদা পাওয়া মোটামুটি চূড়ান্ত হয়ে গেলেও আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কত দিন পর্যন্ত লিগের ম্যাচ খেলা যাবে, বিকেএসপির বাইরে বিকল্প ভেন্যুর প্রয়োজন পড়লে সেটা বগুড়া না রাজশাহী হবে, কিছুই ঠিক হয়নি কাল পর্যন্ত। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়েও ঐকমত্যে পৌঁছাতে পারেনি খেলোয়াড়দের সংগঠন কোয়াব ও প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এসবের সমাধান করতেই দুই দিন পিছিয়েছে লিগ। খেলোয়াড়দের লটারিও ২০ জুনের পরিবর্তে হবে ২৩ জুন।কোয়াব যদি তাদের দাবিতে অনড় থাকে, জটিলতা বাড়তে পারে আরও। জানা গেছে, ‘এ’ প্লাস শ্রেণীভুক্ত ক্রিকেটারদের জন্য কোয়াব ৩০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করলেও ক্লাবগুলোর ইচ্ছায় শেষ পর্যন্ত সেটা ২২ লাখই হচ্ছে। অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে খুব একটা মানা হচ্ছে না কোয়াবের দাবি। তবে লিগ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে কথা বলে কাল সিসিডিএম প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘নির্বাচকেরা যেভাবে খেলোয়াড়দের শ্রেণীবিন্যাস করেছেন, সভাপতি সেভাবেই সবকিছু রাখতে বলেছেন।’ এই শ্রেণীবিন্যাসে অবশ্য কে কোন শ্রেণীতে থাকবেন, শুধু সেটাই নির্ধারণ করেছেন নির্বাচকেরা। কোন শ্রেণীতে কত টাকা, সেটা নয়।লিস্ট ‘এ’ ম্যাচ কী?যেকোনো এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। টেস্টভুক্ত দেশগুলোর ‘এ’ দলের ম্যাচ।আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোয় আয়োজিত রাজ্য, কাউন্টি কিংবা প্রাদেশিক দলগুলোর মধ্যে আয়োজিত কমপক্ষে ৪০ ওভারের এক দিনের ম্যাচ। (বৃষ্টি বা অন্য কারণে ওভার কমে গেলেও সমস্যা নেই)। সফরকারী টেস্ট দলগুলোর বিপক্ষে রাজ্য, কাউন্টি কিংবা প্রাদেশিক দলগুলোর এক দিনের ম্যাচ। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদিত সর্বোচ্চ পর্যায়ের ঘরোয়া ক্রিকেটের এক দিনের ম্যাচ।