লিয়াটের পর বুকামেন্ট রিসোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানে উঠেই ঘুমিয়ে পড়লেন ক্রিস গেইল l ছবি: প্রথম আলো
বিমানে উঠেই ঘুমিয়ে পড়লেন ক্রিস গেইল l ছবি: প্রথম আলো

সেন্ট কিটস থেকে সেন্ট ভিনসেন্টে আসার সময় চন্দরপল-ভাবনা বাংলাদেশ দলের সঙ্গী হবে লিখেছিলাম। কিন্তু শিবনারায়ণ চন্দরপল নিজেই তো সঙ্গী হয়ে গেলেন!
ওয়ানডে সিরিজের পর কয়েক দিনের ছুটি পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা। সবাই চলে গেছেন যে যার দেশে। তবে ওয়ানডে দলে না-থাকা চন্দরপল সেন্ট কিটস ও নেভিসের হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন। বাংলাদেশ দলের মতো তাঁকেও তাই সেন্ট ভিনসেন্টে আসতে হয়েছে সেন্ট কিটস থেকে। লিয়াটের ফ্লাইটে সে কারণেই চন্দরপলের সঙ্গে দেখা হয়ে গেল মুশফিক-তামিমদের।
সেন্ট কিটস থেকে সরাসরি সেন্ট ভিনসেন্টে এলে এক ঘণ্টার বেশি সময় লাগার কথা নয়। কিন্তু এটা লিয়াটের ফ্লাইট। এটুকু পথ আসতেই দুবার বিমান বদল। অ্যান্টিগায় একবার, আরেকবার বারবাডোজে। সকাল সোয়া নয়টায় সেন্ট কিটস থেকে রওনা দিয়ে সেন্ট ভিনসেন্টে পৌঁছাতে পৌঁছাতে বেলা দুইটা। শুধু বাংলাদেশ দলের ফ্লাইটই অবশ্য নয়, লিয়াটের বেশির ভাগ ফ্লাইট যেখানেই যাক না কেন, বারবাডোজ, অ্যান্টিগা নয় সেন্ট ভিনসেন্ট ছুঁয়ে যাবেই। এর কারণও আছে। ক্যারিবীয় অঞ্চলের সরকারি বিমান হলেও লিয়াটের মালিকানা মূলত বারবাডোজ, অ্যান্টিগা আর সেন্ট ভিনসেন্টের। তাই এই তিন দেশকে প্রাধান্য দিয়েই ওড়ে বিমানটি।
তো দুই জায়গায় ট্রানজিট থাকায় একদিক দিয়ে ভালোই হলো বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অনেকের সঙ্গে বিমানেই দেখা হয়ে গেল। অ্যান্টিগা ও বারবাডোজ থেকে বাংলাদেশ দলের সঙ্গী হয়েছেন ক্রিস গেইল, জেসন হোল্ডার, বোলিং কোচ কার্টলি অ্যামব্রোসসহ আরও কয়েকজন। গেইলকে দেখা গেল প্রথম ফ্লাইটে উঠেই ঘুম দিলেন। তবে নানা রকম অঙ্গভঙ্গি, এর মাথায় হাত বুলিয়ে, ওর পেটে ঘুষি মেরে আর বিমানবালার সঙ্গে দুষ্টুমিতে অ্যামব্রোস বুঝিয়ে দিলেন, এই বয়সেও রসিকতাটা ভালোই পারেন তিনি।
আগের সফরগুলোতে ওয়েস্ট ইন্ডিজে আসা সাংবাদিকদের সৌজন্যে লিয়াট সম্পর্কে কমবেশি ধারণা থাকার কথা বাংলাদেশের পাঠকদের। তাঁদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে লিয়াট এখনো সেই লিয়াটই আছে, ক্যারিবীয়দের কাছে যে লিয়াটের অর্থ ‘লিভ আইল্যান্ড এনি টাইম’। লিয়াটের সময়জ্ঞান নিয়ে প্রশ্ন তোলার মতো সরাসরি নেতিবাচক ধারণা এই প্রতিবেদকের এখনো না হলেও গ্রেনাডা থেকে সেন্ট কিটসে যাওয়ার সময় বা সেন্ট কিটস থেকে সেন্ট ভিনসেন্টে আসার পথে অন্য অভিজ্ঞতাও কম হলো না। পরশুর কথাই ধরুন। বোর্ডিং পাস নিয়েও বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং সেন্ট কিটস থেকে দলের সঙ্গী হতে পারেননি বিমানের সব আসন ভর্তি হয়ে গেছে বলে! প্রায় একই অভিজ্ঞতা হতে যাচ্ছিল অ্যামব্রোসেরও।
এটাও সম্ভব! একটা ফ্লাইটে যতটি আসন, ততজনকেই তো বোর্ডিং পাস দেওয়ার কথা! লিয়াটের বেলায় যে নিয়মটা প্রযোজ্য নয়, সেটা অবশ্য আঁচ করতে পেরেছিলাম গ্রেনাডা থেকে সেন্ট কিটসে যাওয়ার সময়ই। বিমানে উঠে বোর্ডিং পাস দেখিয়ে বিমানবালার কাছে জানতে চাইলাম, আমার আসনটি কোথায়। বিমানবালার নির্লিপ্ত উত্তর, ‘যেখানে খুশি বসে যান।’
বাংলাদেশের আন্তজেলা বাসগুলোতেও যেখানে যাত্রীদের নির্দিষ্ট আসনে বসতে হয়, সেখানে লিয়াটে আপনি যেখানে ইচ্ছা বসে যেতে পারবেন। শুধু কষ্ট করে একটু আগে আগে বিমানে উঠতে হবে। অবশ্য ভাগ্য ভালো থাকলে বিমানে সিট না পাওয়াটা আশীর্বাদও হতে পারে। গ্রেনাডা থেকে সেন্ট কিটসে যাওয়ার পথে সে রকমই কিছু দেখার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের আরেক সাংবাদিকের।
বাবা-মেয়ে বিমানে উঠে বাবা তাঁর আসনটা পেলেও মেয়ে পেলেন না। তাঁর জায়গায় বসে আছেন আরেকজন। ওই যাত্রীকে যতই বলা হলো এই আসনটি তাঁর নয়, তিনি আসন ছাড়বেন না। কারণ, অন্য সব আসনেই যাত্রী বসে গেছেন। এ নিয়ে তর্কাতর্কিতে বিমান ছাড়তেও দেরি হচ্ছিল। অগত্যা ককপিট থেকে বেরিয়ে পাইলট দিলেন সমস্যার বিস্ময়কর এক সমাধান, ‘আপনারা যে কেউ চাইলে ককপিটে আমার সঙ্গে বসে যেতে পারেন।’ শেষ পর্যন্ত ওই তরুণী ককপিটে বসেই আকাশে উড়লেন!
লিয়াটের আরেকটি বদনাম, এই বিমানের যাত্রীরা কখনোই গন্তব্যে পৌঁছে লাগেজ পান না। লাগেজ আসে পরে অন্য কোনো ফ্লাইটে। পরশু সেন্ট ভিনসেন্টে পৌঁছার পর মনে হলো বাংলাদেশ দল, বিসিবি পরিচালক নাঈমুর রহমান এবং এই প্রতিবেদকের ভাগ্যেও একই ঘটনা ঘটেছে। লাগেজ বেল্ট ঘোরা বন্ধ হয়ে গেছে। তবু লাগেজ আসেনি! অবশ্য একটু দেরিতে হলেও পরে সব লাগেজই পাওয়া গেল এবং সেগুলো এসেছে নির্ধারিত ফ্লাইটেই।
সেন্ট ভিনসেন্টে এসে লাগেজ-বিড়ম্বনা এড়ানো গেলেও বাংলাদেশ দলের বিড়ম্বনা এখানে হোটেল নিয়ে। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলই এখানে উঠেছে বুকামেন্ট বে রিসোর্টে। মূল শহর থেকে অনেক দূরের এই রিসোর্টের আশপাশে নাকি ভালো দোকানপাটও নেই। সেন্ট ভিনসেন্টের ফাঁকা রাস্তায়ও টিম বাসে মাঠে যেতে লেগে যাবে ৩৫-৪০ মিনিট! বাংলাদেশ দলের কাছে তাই বিলাসী বুকামেন্ট বে রিসোর্টও অজ পাড়াগাঁয়ের মর্যাদাই পাচ্ছে।