লুইজ-হাল্করাও আন্দোলনের সমর্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভে উত্তাল গোটা ব্রাজিল। রাজকীয় প্রাসাদে বসেও এর আঁচ পাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। যাবতীয় প্রতিবাদ-প্রতিরোধ যে তাঁর সরকারের বিরুদ্ধেই! এমনকি প্রধান শহরগুলো থেকে সারা দেশে ছড়িয়ে গেছে এই আন্দোলন, জাতীয় দলের ফুটবলাররাও এতে এখন সংহতি জানাচ্ছেন। তবে লুইজ-হাল্ক আর ফ্রেডরা চান সহিংস পথ ছেড়ে আন্দোলনটা হোক শান্তিপূর্ণ উপায়ে।বিশ্বকাপের জন্য স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারের কাজে সরকার অতিরিক্ত অর্থ ব্যয় করেছে। ব্রাজিলিয়ান জনতার দাবি, এই অর্থ আসলে ব্যয় হওয়া উচিত ছিল ব্রাজিলের জনগণের উন্নয়নে। এই দাবিতেই ব্রাজিলের তরুণ প্রজন্ম প্রথমে শুরু করে আন্দোলন, পরে তাতে যোগ হয় দুর্নীতি, জনসেবার অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ। কয়েক দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সে আন্দোলন দমন করার চেষ্টা করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট। ব্যর্থ হয়েই হয়তো এখন তাঁর কণ্ঠে আপসের সুর, ‘বিক্ষোভকারীদের কথাও শোনা দরকার। আমার সরকার তাদের কথা শুনতে চায়। সরকারও চায় সামাজিক পরিবর্তন আসুক।’সমাজ ও রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে যে প্রতিবাদে মাঠে নেমেছে ব্রাজিলের মানুষ তাদের সঙ্গে একাত্ম কনফেডারেশনস কাপে অংশ নেওয়া ব্রাজিল দলের ফুটবলাররাও। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ তো সরাসরিই বলেছেন, ‘নাগরিক হিসেবে সবার অধিকার আছে নিজেদের মতামত জানানোর। তবে আমি অহিংস আন্দোলনের পক্ষে। দাবি-দাওয়া আদায়ের এটাও একটা পথ।’ একই সুর তাঁর সতীর্থ হাল্কের কণ্ঠেও, ‘আজ আমি সামাজিকভাবে প্রতিষ্ঠিত। কিন্তু কখনো ভুলে যাই না যে আমি একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। যারা আন্দোলন করছে তারা ঠিক পথেই আছে।’ কনফেডারেশনস কাপের ব্যস্ত সূচির মধ্যেও চলমান আন্দোলনে শিষ্যদের সমর্থন দেখে কিন্তু বিরক্ত নন ব্রাজিল কোচ লুই ফেলিপে স্কলারি, ‘খেলোয়াড়দের স্বাধীনতা আছে নিজস্ব মতামত দেওয়ার। তবে মনে রাখতে হবে, এগুলো একান্তই তাদের নিজস্ব মত।’ তথ্যসূত্র: এএফপি।