লুইজকে নিতে চায় বার্সা
মৌসুম শুরুর আগেই ন্যু ক্যাম্প ছেড়ে গেছেন এরিক আবিদাল। রক্ষণস্তম্ভ কার্লোস পুয়োলের শরীরেও বয়স ছাপ ফেলেছে ভালোই। ভবিষ্যতের দিকে তাকিয়ে রক্ষণকে আরও শক্তিশালী করতে বার্সেলোনা নজর দিয়েছে চেলসি ডিফেন্ডার ডেভিড লুইজের দিকে। বড়দিনের আগে স্ট্যামফোর্ড ব্রিজের দলটির সঙ্গে বার্সা যোগাযোগও করেছে।
এর আগেও বার্সা লুইজকে পেতে গত গ্রীষ্মেই প্রস্তাব দিয়েছিল চেলসিকে। সেটা পছন্দ হয়নি চেলসির। লুইজও তখন স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়তে চাননি। কিন্তু এবার শোনা যাচ্ছে, গ্রহণযোগ্য প্রস্তাব পেলে ‘না’ করবে না চেলসি। লুইজ কাতালান ক্লাবটিতে গেলে সেঁত এতিয়েনের ডিফেন্ডার কুর্ট জুমাকে নিতে পারে চেলসি। ওয়েবসাইট।
এদিকে চেলসি কোচ হোসে মরিনহো দরজা খুলে দিয়েছেন হুয়ান মাতা ও মাইকেল এসিয়েনের জন্য। পরশু সাউদাম্পটন ম্যাচে মাঠ থেকে তুলে নেওয়ায় অঙ্গভঙ্গিতে অসন্তোষ প্রকাশ করেছিলেন মাতা। প্রথম একাদশে নিয়মিত সুযোগ হয় না বলে চেলসি ছাড়ার পথ খুঁজছেন এসিয়েন। সাউদাম্পটনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর দুজনকে মরিনহো বার্তা দিয়ে দিয়েছেন, ‘তারা যদি যেতে চায়, দরজা খোলা।’