লুইজে নজর বায়ার্নের
একটা হার বদলে দিতে পারে অনেক কিছু। বায়ার্ন মিউনিখের কথাই ধরা যাক। কিছুদিন আগেও গত মৌসুমে ট্রেবলজয়ী জার্মান চ্যাম্পিয়নদের দুর্ধর্ষ এক দল মনে হচ্ছিল। কিন্তু জার্মান সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৪-২ গোলে হারের পর সেই বায়ার্নের দুর্ভেদ্য দুর্গে অনেক ফাঁকফোকর বেরিয়ে এসেছে। দুশ্চিন্তা সবচেয়ে বেশি বায়ার্নের রক্ষণভাগ নিয়ে। আর সে কারণেই নাকি চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজের দিকে হাত বাড়িয়েছে পেপ গার্দিওলার দল। মৌসুম শুরুর আগেই রক্ষণদেয়াল আরও মজবুত করে নিতে চায় বায়ার্ন।
জার্মান এবং ব্রিটিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, কনফেডারেশনস কাপে দুর্দান্ত খেলা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের জন্য আটঘাট বেঁধেই নামছে বায়ার্ন। লুইজিকে আগে থেকেই পেতে চাইছে বার্সেলোনাও এবং সেই আগ্রহটা আসলে পেপ গার্দিওলা বার্সেলোনার কোচ থাকার সময় থেকেই। গার্দিওলা ন্যু ক্যাম্প ছেড়ে এলেও লুইজের ব্যাপারে এখনো আগ্রহী বার্সা। এদিকে ডর্টমুন্ডের কাছে চার গোল হজম করার পর গার্দিওলাও নাকি চাইছেন তাঁর রক্ষণভাগ আরও মজবুত করে তুলতে। দলের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চেলসির ডিফেন্ডারের জন্য ৪৬ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি বায়ার্ন।
ডর্টমুন্ডের কাছে হারের পর দলের সার্বিক অবস্থা নিয়েও নাকি বেশ চিন্তিত বায়ার্নের কর্তাব্যক্তিরা। বিশেষ করে দলের ছক নিয়ে পেপ গার্দিওলার পরীক্ষা-নিরীক্ষা কতটুকু কাজে আসবে সেটা নিয়ে ভাবছেন তাঁরা। বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে নাকি সাবেক কোচ ইয়ুপ হেইঙ্কেসকে অনুরোধও করেছেন গার্দিওলার সঙ্গে বসে কথা বলার জন্য। ওয়েবসাইট।