লুইজের ব্যাপারে আগ্রহী বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড লুইজ
ডেভিড লুইজ

হোসে মরিনহো দায়িত্ব নিয়েই ঢেলে সাজাচ্ছেন চেলসিকে। তাঁর এই পুনর্গঠন প্রক্রিয়ায় এই মুহূর্তে অপাঙক্তেয় ব্রাজিলীয় রক্ষণ তারকা ডেভিড লুইজ। চেলসির হয়ে গত দুই মৌসুম মাঠ মাতানো লুইজকে ছেড়ে দিতে মোটামুটি মানসিকভাবে প্রস্তুত হয়েই আছেন এই পর্তুগিজ কোচ। মরিনহোর লক্ষ্য, লুইজকে বিক্রি করে সেই টাকায় পছন্দের কোনো সেন্ট্রাল ডিফেন্ডারের সন্ধানে নামা। লুইজের বেলায় চেলসির অনাগ্রহের কারণে নড়েচড়ে বসেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লুইজকে দলে পেতে কাতালানরা ২৯ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি তারা।
কার্লোস পুয়োলের একজন যোগ্য সঙ্গীর খোঁজে হয়রান বার্সেলোনা। এরিক আবিদালকে ছেড়ে দেওয়ার পর প্যারিস সেন্ট জার্মেইঁয়ের থিয়াগো সিলভা এবং আর্সেনালের রক্ষণ জুটি কোসিয়েনলি ও থমাস ভারমায়েলেনের দিকে নজর ছিল বার্সার। ইতালীয় জায়ান্ট রোমার মারকুইনহোসকেও প্রায় ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো কিছুই সফল করতে পারেনি বার্সেলোনা। এখন মরিনহোর অনাগ্রহে ডেভিড লুইজকে নিয়ে আশায় বুক বাঁধতেই পারে স্প্যানিশ জায়ান্টরা।
ডেভিড লুইজ দারুণ প্রিয় চেলসির সমর্থকদের কাছে। রাফায়েল বেনিত্তেজ তাঁকে গত মৌসুমে খেলিয়েছেন নিয়মিতই। অনেক সময় জন টেরিকে বসে থাকতে হয়েছে কিন্তু প্রথম একাদশে খেলেছেন ওই লুইজ। লুইজের দুর্ভাগ্যই বলতে হবে, কেবল মরিনহোর কাছে ব্রাত্য হয়েই তাঁকে দল ছাড়তে হচ্ছে। সূত্র: গোল ডটকম