লুইভিলে আলীর 'ফেরা'

‘ঘরে ফিরলেন আলী’—ছোট্ট একটি বার্তা, অথচ এতেই যেন অনেক কিছু বলা হয় গেল। বার্তাটি পাওয়া গেল খুদে ব্লগ সাইট টুইটারে, লুইভিল শহরের মেয়র গ্রেগ ফিশারের ব্যক্তিগত অ্যাকাউন্টে। লুইভিল—গত শুক্রবার থেকে বহু উচ্চারিত এক নাম। কেন্টাকির এই শহরেই যে জন্মেছিলেন কিংবদন্তি মোহাম্মদ আলী। চিরদিনের জন্য বিশ্রাম নিতে সেখানেই ফিরলেন তিনি।
ব্যক্তিগত এক বিমানে গত পরশু লুইভিলে পৌঁছেছে আলী পরিবার। মোহাম্মদ আলীর মরদেহ বহনকারী কফিনও ছিল এই বিমানে। শহরের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সন্তানকে বিদায় বলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে লুইভিল। আগামী শুক্রবার লুইভিলের কেএফসি ইয়াম সেন্টারে (বাস্কেটবল কোর্ট) আলীর অন্ত্যেষ্টিক্রিয়া হবে। উন্মুক্ত স্মরণসভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর বক্তৃতা দেওয়ার কথা আছে। আন্তধর্মীয় এই শেষকৃত্যানুষ্ঠানে মুসলিম রীতি মেনে একজন ইমামেরও থাকার কথা।
তবে প্রিয় নায়ককে বিদায় বলার সুযোগ আগের দিনও পাবেন ভক্তরা। ইসলাম ধর্মে ধর্মান্তরিত আলীর জানাজা হবে ৯ জুন বৃহস্পতিবার দুপুরে লুইভিলের ফ্রিডম হলে। এই ফ্রিডম হলেই ১৯৬১ সালে লুইভিলে শেষবারের মতো রিংয়ে নেমেছিলেন আলী।
সব আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন কেভ হিল সমাধিতে শেষশয্যা নেবেন ‘দ্য চ্যাম্পিয়ন’। সিএনএন।