লুইস-জনসনের কাছাকাছি বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকবার ট্র্যাকে ঝড় তুলে ১০০ মিটার জয়, এরপর সেই চিরচেনা উদ্যাপন। কিন্তু দুই বিশিষ্ট দর্শক নিচে নেমে আসতেই উসাইন বোল্ট ভেসে গেলেন কূলপ্লাবী আনন্দে। এঁরা যে বোল্টের বাবা-মা ওয়েলেসলি (হলুদ টুপি) ও জেনিফার বোল্ট। পরশু মস্কোতে  এএফপি
আরেকবার ট্র্যাকে ঝড় তুলে ১০০ মিটার জয়, এরপর সেই চিরচেনা উদ্যাপন। কিন্তু দুই বিশিষ্ট দর্শক নিচে নেমে আসতেই উসাইন বোল্ট ভেসে গেলেন কূলপ্লাবী আনন্দে। এঁরা যে বোল্টের বাবা-মা ওয়েলেসলি (হলুদ টুপি) ও জেনিফার বোল্ট। পরশু মস্কোতে এএফপি

মস্কোর ঝিরিঝিরি বৃষ্টি, কিছুটা খারাপ ট্র্যাক আর জাস্টিন গ্যাটলিনের দুর্দান্ত শুরু। সব মিলিয়ে উসাইন বোল্টকে শুরুতে খুব ‘সাধারণ’ মনে হচ্ছিল!
সাধারণ! তাহলে ‘অতিমানব’ নন?
মিটার পঞ্চাশেক পেরিয়ে যাওয়ার পরই জবাবটা পাওয়া গেল। ধীরগতির শুরু ভুলে উসাইন বোল্ট তখন চিতাবাঘ। লুঝনিকি স্টেডিয়ামের ট্র্যাকে তাঁর একেকটা পদক্ষেপ, যেন কবিতার একটা ছন্দ! গ্যাটলিনকে এমনভাবে পেরিয়ে গেলেন যেন পাশে কেউ ছিলেনই না। শেষ দাগটা পেরিয়ে যাওয়ার পর সময় দেখাল ৯.৭৭ সেকেন্ড। তারপর সেই চিরচেনা উদ্যাপন। আরও একবার প্রমাণ করলেন, এই গ্রহে তিনিই দ্রুততম। বোল্ট সাধারণ নন!
বার্লিনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে বিশ্ব রেকর্ড (৯.৫৮ সেকেন্ড) করেছিলেন। কিছুদিন আগে লন্ডনে ডায়মন্ড মিটে তাঁর সময় ছিল ৯.৮৫ সেকেন্ড। পরশু ওটা ছাপিয়ে গেলেন। রুপা পেলেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন (৯.৮৫), ব্রোঞ্জ জ্যামাইকার নেস্টা কার্টার (৯.৯৫)। শুধু গ্যাটলিন বাদে প্রথম পাঁচজনের চারজনই জ্যামাইকার। মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১০০ মিটার সিপ্রন্টে জ্যামাইকান আধিপত্যেরই সাক্ষী হয়ে রইল।
বোল্ট জিতবেন আর বাকিরা ভালো দৌড়েও হেরে যাবেন—এমনটাই হওয়ার কথা ছিল। দৌড় নিয়ে কথাবার্তা সব গৎবাঁধা হয়ে যায় ভেবেই হয়তো সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করলেন ফুটবল আর তাঁর প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে! পরে এ নিয়ে খুব হাসাহাসি করলেন বোল্ট নিজেও, ‘আমার মনে হয় ওরা (সাংবাদিক) সব প্রশ্ন আগেই করে ফেলেছেন অথবা ওঁদের সব প্রশ্ন শেষ হয়ে গেছে। তাই আমার সঙ্গে ওরা ফুটবল নিয়ে কথা বলেছেন।’
পুরোটা নয় অবশ্য। কিছু কথা তাঁকে দৌড় নিয়ে বলতেই হয়েছে। দুই বছর আগে দেগুর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফলস স্টার্ট করে দৌড়ানোর সুযোগই পাননি। সোনা জিতেছিলেন স্বদেশি ইয়োহান ব্লেক। এটা কি সেই না-পারার প্রতিশোধ? জ্যামাইকান অ্যাথলেট ওইভাবে ভাবতে রাজি নন, ‘দেগুর প্রতিশোধ এটা নয়। আমি এই শিরোপা জিততেই এখানে এসেছি।’ শুরুটা বাজে হয়েছে, তার পরও এটাই এ বছরের দ্বিতীয় সেরা টাইমিং (সেরা টাইসন গে, ৯.৭৫ সেকেন্ড)। তবে বোল্ট শুরু নিয়ে এতটা চিন্তিত ছিলেন না, ‘আমি প্রথম ৫০ মিটার নিয়ে খুব একটা ভাবিনি, কারণ আমি জানতাম গ্যাটলিন শুরুতে এগিয়ে যাবে। আমার দৌড়ের সেরা অংশ হচ্ছে শেষ ৫০ মিটার।’
এই নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছয়টি সোনা হলো বিদ্যুৎমানবের। কার্ল লুইস আর মাইকেল জনসনের রেকর্ড আট সোনা থেকে হাতছোঁয়া দূরত্বে। শনিবার ২০০ মিটার আর এর পরদিন ১০০ মিটার রিলে জিতলেই লুইস-জনসনদের রেকর্ডে ভাগ বসাবেন। মানসিকভাবে প্রস্তুত হলেও ওই দুটি ইভেন্টের আগে নিজের ফিটনেসটা আরেকটু ঘষামাজা করে নিতে চান ছয়টি অলিম্পিক সোনাজয়ী বোল্ট, ‘আমার কিছুটা ক্লান্ত লাগছে, বিশ্রাম দরকার। পায়ে একটু ব্যথাও আছে। তবে আরও বেশি সোনা জয় আর বর্ষসেরা অ্যাথলেট হওয়ার জন্য কাজ করে যাব।’ এএফপি।