লুইসের প্রতি কোনো শ্রদ্ধা নেই বোল্টের
অলিম্পিকে সোনা জিতেছেন নয়টি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছেন আটটি সোনা। মার্কিন কিংবদন্তি কার্ল লুইসের সঙ্গে তুলনায় যাওয়া যে কোনো অ্যাথলেটের জন্য সম্মানের, তা বলার অপেক্ষা রাখে না। তবে লুইসের সঙ্গে উসাইন বোল্টকে তুলনা করতে গেলে সাবধান!বেইজিংয়ের পর লন্ডন অলিম্পিকেও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন বোল্ট। দুই অলিম্পিকে এই দুই ইভেন্ট জয়ের কীর্তি নেই আর কারও। ইতিহাস গড়ার পর সংবাদ সম্মেলনে বোল্টের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, কার্ল লুইস বা প্রয়াত স্প্রিন্ট কিংবদন্তি জেসি ওয়েনসের সঙ্গে তুলনায় যাওয়া তিনি পছন্দ করেন কিনা। প্রশ্নটা শুনেই ফুঁসে ওঠেন বোল্ট! তিনি বলেন, ‘এখন বিতর্কিত কিছু বলব আমি। কার্ল লুইসের প্রতি কোনো শ্রদ্ধা নেই আমার। ট্র্যাক অ্যাথলেটদের নিয়ে ও যেভাবে কথা বলে, তা অন্য যেকোনো অ্যাথলেটের জন্য মর্যাদাহানিকর। আমি মনে করি, ও শুধু সবার মনোযোগ আকৃষ্ট করতে চায়। কারণ কেউই ওর সম্পর্কে খুব বেশি কথা বলে না।’ জ্যামাইকান স্প্রিন্টার আরও বলেন, ‘লুইসের কথা আমাকে ব্যথিত করেছে। এটা সত্যি পীড়াদায়ক। ওর প্রতি সব শ্রদ্ধা হারিয়ে ফেলেছি আমি। সব শ্রদ্ধা।’অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, লুইসের কোন বক্তব্যে তিনি ক্ষুব্ধ, এ প্রশ্নের সরাসরি জবাব দেননি বোল্ট। শুধু বলেন, ‘এটা ড্রাগ বিষয় নিয়ে। ক্রীড়াঙ্গনের বাইরে থাকা কেউ একজন যখন এ ধরনের কথা বলে, অ্যাথলেট হিসেবে আমার কাছে তা কষ্টের। আমি যত দূর বুঝি, ও সবার মনোযোগ আকৃষ্ট করতে চায়।’বোল্ট সরাসরি না বললেও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন লুইসের প্রতি তাঁর ক্ষোভের কারণটা স্পষ্ট। কয়েক বছর ধরেই জ্যামাইকার ডোপিং নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছেন লুইস। তাঁর বক্তব্য, জ্যামাইকান কর্তৃপক্ষ ডোপের ব্যাপারে ততটা কঠোর নয়। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪০০ মিটার রিলেতে উসাইন বোল্ট সোনা জয়ের পর লুইস মন্তব্য করেছিলেন, জ্যামাইকার মতো দেশগুলো ডোপের ব্যাপারে ততটা কঠোর নয়। মাসের পর মাস অ্যাথলেটদের ডোপ পরীক্ষা করা হয় না। আমি নির্দিষ্ট কোনো অ্যাথলেট সম্পর্কে কথাগুলো বলছি না। তবে সবার একটা নির্দিষ্ট মান রক্ষা করা উচিত।’ কার্ল লুইসের এই বক্তব্যের মোক্ষম জবাব চার বছর পর অলিম্পিক আসরে এসেই দিলেন বোল্ট।