প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ লুক জেমস রাইট। বলা যায়, এক লুক রাইটই বাঁচিয়ে রাখলেন ইংল্যান্ডের বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন। যদিও কাল কখনোই ইংল্যান্ডকে বিপন্ন মনে হয়নি। তবে আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় একটা দায় ছিল রাইটের। তাই একটু দেখেশুনেই শুরু করলেন, প্রথম তিন বলে রান পেলেন না। চার নম্বর বলে ৪ মেরেই অবশ্য শুরু। প্রথম ৩০ বলে ৪০ রান করার পরই উন্মত্ত রাইট। পরের সাত বলের মধ্যেই চারটি ৬। এর প্রথম দুটি টিম সাউদিকে ও পরের দুটি রব নিকোলের টানা দুই বলে। আউট হওয়ার আগে শেষ ১২ বলেই করেন ৩৬ রান। ৫ চার ও ৫ ছয়ে ৪৩ বলে ৭৬ রান, ম্যাচসেরা রাইটই।