লুক রাইটের ব্যাটে ইংল্যান্ডের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে সুপার ওভারে হারের পর আজ ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইংল্যান্ড। ৫৯ বলে ৭৬ রানের চমত্কার ইনিংস খেলেছেন লুক রাইট।ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ধীরগতিতে শুরু করে ৩৮ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরে যান দুই ইংলিশ ওপেনার ক্রেইগ ক্রিসওয়েটার ও অ্যালেক্স হালেক্স। কিন্তু তৃতীয় উইকেটে ৮৯ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয় এনে দেন ইয়ান মরগান ও লুক রাইট। ১৭তম ওভারে এই জুটি ভাঙতে সক্ষম হন কিউই বোলাররা। ৩০ রান করে ফিরে যান মরগান। ১৯তম ওভারে আউট হন রাইট। কিন্তু তাতেও জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি ইংল্যান্ডের। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে জয়ের ভিত্তিটা আগেই গড়ে দিয়েছিলেন রাইট।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। কিন্তু প্রথম সাত ওভারের মধ্যে ৪২ রান জমা হতেই সাজঘরে ফেরেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও রব নিকোল আর ব্রেন্ডন ম্যাককালাম। কয়েক ওভার পর ১৭ রান করে বিদায় নেন কেইন উইলিয়ামসন। পঞ্চম উইকেটে ৪০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরান রস টেলর ও জেমস ফ্রাঙ্কলিন। ১৭তম ওভারে ২২ রান করে আউট হন টেলর। ষষ্ঠ উইকেটে নাথান ম্যাককালামকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে আরও ৩৯ রান যোগ করেন ফ্রাঙ্কলিন। ৩৩ বলে ৫০ রানের চমত্কার ইনিংস খেলে রান আউটের ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।