লুকাকু ফিরলেন ফেরালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে নেমেই ম্যাচের চিত্র পাল্টে দিয়েছেন রোমেলু লুকাকু। গোল করিয়েছেন-করেছেন, বেলজিয়ামদের উদ্‌যাপনের মধ্যমণি তাই এই স্ট্রাইকারই l এএফপি
মাঠে নেমেই ম্যাচের চিত্র পাল্টে দিয়েছেন রোমেলু লুকাকু। গোল করিয়েছেন-করেছেন, বেলজিয়ামদের উদ্‌যাপনের মধ্যমণি তাই এই স্ট্রাইকারই l এএফপি

ম্যাচের আগে দল ঘোষণার সময় সবাইকে চমকে দিলেন বেলজিয়াম কোচ মার্ক উইলমটস। দলে একমাত্র পরীক্ষিত স্ট্রাইকার রোমেলু লুকাকু নেই, তাঁর জায়গায় একেবারেই আনকোরা ডিভক অরিগি! লুকাকুর মনে নিশ্চয়ই হতাশা-বেদনার তীব্র ক্ষরণ হচ্ছিল তখন? এমন একটা ম্যাচ কিনা বেঞ্চে বসে দেখতে হচ্ছে!
শেষ পর্যন্ত যখন সুযোগ পেলেন, ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ। যুক্তরাষ্ট্রের রক্ষণে ঢেউয়ের মতো আছড়ে পড়ছিল বেলজিয়াম আক্রমণ। কিন্তু টিম হাওয়ার্ড নামের এক অতিমানবের মানবপ্রাচীরে সব ঢেউ বাধা পেয়ে ফিরে যাচ্ছিল। অবশেষে লুকাকু এসে সেই প্রাচীর ভাঙলেন, ভাঙতে সাহায্য করলেন। বেলজিয়ামও শেষ পর্যন্ত দেখা পেল গোলের।
অথচ এই বেলজিয়াম আক্রমণের মূল ভরসাই ছিলেন লুকাকু। ব্রাজিলে এসেছিলেন দুর্দান্ত ফর্ম নিয়ে। বিশ্বকাপের আগেই লুক্সেমবার্গের সঙ্গে একটা প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন (যদিও ম্যাচটা পরে বাতিল হয়ে যায়)। কিন্তু বিশ্বকাপে কেন যেন হঠাৎ করে খেই হারিয়ে ফেললেন। আলজেরিয়া, রাশিয়ার সঙ্গে মাঠে খুঁজেই পাওয়া গেল না তাঁকে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ম্যাচে বদলি নেমেও কিছু করতে পারেননি। পরশু তাই উইলমটস প্রথম একাদশেই রাখলেন না তাঁকে।
কিন্তু এবার বদলি হিসেবে নেমে নিজের জাত চিনিয়েছেন লুকাকু। কেভিন ডি ব্রুইনকে দিয়ে প্রথম গোল করানোর পর নিজে করেছেন একটি গোল। বেলজিয়ামকে এনে দিয়েছেন ২৮ বছর পর আবার শেষ আটে ওঠার উপলক্ষ। হাওয়ার্ড বাধা না হয়ে দাঁড়ালে গোল আরও বেশিও হতে পারত।
লুকাকু তাঁকে ভুল প্রমাণ করতে পেরেছেন, উইলমটস নিশ্চয়ই খুশি তাতে। ছাত্রের প্রশংসা করে বললেন, ‘আমি ওকে বলেছিলাম একটু জায়গা পেলে ও ব্যবধান গড়ে দিতে পারে।’ সেই জায়গাটা ভালোমতোই পেয়েছেন লুকাকু। তবে ২১ বছর বয়সী স্ট্রাইকারকে বেশি আপ্লুত করবে হাওয়ার্ডের প্রশংসা। এভারটন-সতীর্থকে বড়সড় একটা প্রশংসাপত্রই দিলেন তিনি, ‘তারা বিগ রোমকে (লুকাকুকে) আনার পরেই সে খেলাটা বদলে দিল। সে খুবই ভালো করেছে, প্রচুর দৌড়েছে, গোল করেছে এবং করিয়েছে।’ ফিফাডটকম।