লুগানোকে ব্রাজিলের জবাব

নেইমার ইচ্ছা করে ‘ডাইভ’ দেন! রেফারিকে বোকা বানিয়ে আদায় করে নেন ফাউল বা ফ্রি-কিক! ব্রাজিলীয় ফরোয়ার্ডের বিরুদ্ধে বেশ বড় একটা অভিযোগই করে বসেছিলেন উরুগুয়ের অধিনায়ক ডিয়েগো লুগানো। ব্রাজিল ফুটবল ফেডারেশন কালকের সেমিফাইনালের আগেই এর প্রতিবাদ করেছিল কড়া ভাষায়। মাঠের লড়াইয়ে উরুগুয়েকে উড়িয়ে দিয়ে ব্রাজিলের ফুটবলাররা সেই প্রতিবাদকে পরিণত করেছেন দারুণ এক জবাবে।
ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই উঠে আসে নেইমারের বিরুদ্ধে করা লুগানোর অভিযোগটা। বার্সা ফরোয়ার্ড পাল্টা আক্রমণে গেলেন না। স্পষ্ট জানিয়ে দিলেন, উরুগুয়ের অধিনায়কের কথা নিয়ে ভাবার সময় তাঁর নেই, ‘মুখ থাকলে যে কেউ কথা বলতেই পারে। এটা আমাকে আহতও করেনি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতীর্থদের সহায়তা করা, দলকে জয় এনে দেওয়া।’
সেমিফাইনালে ২-১ গোলে জয় পাওয়া সম্পর্কে ২১ বছর বয়সী নেইমারের প্রতিক্রিয়া, ‘জানতাম, ম্যাচটা কঠিন হবে। কিন্তু আমরা জয় পেয়েছি। এটাই গুরুত্বপূর্ণ।’
নেইমার তারকাসুলভ কথাবার্তাই বলেছেন। সুযোগ পেয়েও লুগানো বা উরুগুয়েকে আক্রমণ করে কথা বলেননি। তবে নেইমারের হয়ে জবাবটা দিয়েছেন সতীর্থ ফ্রেড, ‘ম্যাচের আগে উরুগুইয়ানরা খুব বেশি কথা বলছিল। কেউ একজন (লুগানো) নেইমারকে আক্রমণ করল। আমরা মাঠে তাদের হারিয়েছি, যথার্থ জবাব দিয়েছি।’
গ্রুপ পর্বের তিন ম্যাচে ১৩ বার ফাউলের শিকার হন নেইমার। অন্যদিকে দল ফ্রি-কিক পেয়েছে ১৮টি। নেইমার রেফারিদের কাছ থেকে বাড়তি সুরক্ষা পান কি না, সেমিফাইনালের এক দিন আগে এ ব্যাপারে লুগানোর কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। জবাবে নেইমারের বিরুদ্ধে অভিযোগই করে বসেন উরুগুয়ের অধিনায়ক, ‘নেইমারের ফাউলগুলো নিয়ে আমি শঙ্কিত। নেইমারের ওজন খুবই অল্প। ও খুব সহজে মাঠে পড়ে যায় এবং রেফারি ও প্রতিপক্ষকে বোকা বানায়।’
শেষ চারের লড়াইয়ে রেফারিকে সতর্ক থাকার পরামর্শও দেন লুগানো, ‘নেইমার ফাউলের শিকার হওয়ার অভিনয় করতে পারে। ওকে অবশ্যই নজরে রাখতে হবে, যেন কাউকে বোকা বানাতে না পারে।’ সূত্র: জি নিউজ।