লুৎফরের অভিযোগের জবাবে জালাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি সভাপতি নাজমুল হাসানের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে আম্পায়ারদের প্রভাবিত করার অভিযোগ এনেছিলেন গাজী ট্যাংক ক্রিকেটার্সের মালিক লুৎফর রহমান। কাল জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতির হয়ে সে অভিযোগ উড়িয়ে দিলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

‘এটা সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ। এত বড় মিথ্যা কথা বলা ওনার ঠিক হয়নি। বিসিবি সভাপতি আম্পায়ারদের প্রভাবিত করলে আবাহনী সাত ম্যাচের ছয়টাতেই হারত না। আমি সিসিডিএম চেয়ারম্যান হিসেবে এটার প্রতিবাদ জানাচ্ছি’—বলেছেন জালাল। বোর্ড সভাপতি তাঁর লোকদের আম্পায়ার্স কমিটির প্রধান করেছেন, এমন অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিনি, ‘ইসমাইল হায়দার মল্লিক অ্যাডহক কমিটির সদস্য হিসেবেই আম্পায়ার্স কমিটির দায়িত্বে আছেন। খালেদ মাহমুদ অ্যাডহক কমিটি থেকে পদত্যাগের পর অনেকটা জোর করেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।’

এ ছাড়া বিপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ দলের খেলা ইত্যাদি বিষয়েও লুৎফর রহমানের করা অভিযোগ খণ্ডন করেছেন জালাল ইউনুস।