লেখাও যখন টি-টোয়েন্টি!

স্টুয়ার্ট রবার্টসন এখন কোথায় আছেন, কী করেন কিছুই জানি না। গুগল নামের আশ্চর্য প্রদীপের শরণাপন্ন হলে ২৬ সেকেন্ডে রবার্টসনের নামসংবলিত তিন লাখ ১০ হাজার লেখা-ভিডিও চোখের সামনে হাজির করছে। কিন্তু তাতে তাঁর হাল-হকিকতের খবর নেই।
২.
আপনি হয়তো একটু বিরক্ত হতে শুরু করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিশেষ সংখ্যায় গেইল-মালিঙ্গা-ধোনিদের বাদ দিয়ে কোথাকার কোন স্টুয়ার্ট রবার্টসনকে নিয়ে প্যাঁচাল!
৩.
কী করব, বলুন? বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি মচ্ছবের সময় অবধারিতভাবেই যে এই ভদ্রলোকের কথা আমার মনে পড়ে যায়! টি-টোয়েন্টি বিশ্বকাপ এলে আরও বেশি। আচ্ছা, স্টুয়ার্ট রবার্টসন কি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেন? দেখলে কি গর্বে তাঁর বুকটা একটু ফুলে ওঠে?
৪.
ক্রিকেট নামের জটিল কিন্তু আনন্দময় খেলাটি নিশ্চয়ই কারও একক আবিষ্কার নয়। টেস্ট ক্রিকেট নামের বটবৃক্ষ থেকে ঝুরি হয়ে নেমে আসা ওয়ানডে ক্রিকেটও নয়। টি-টোয়েন্টি এখানেই ব্যতিক্রম। স্টুয়ার্ট রবার্টসনও এখানেই অনন্য।
৫.
কৃত্রিম আলো আর রঙিন পোশাকে ক্রিকেটকে বদলে দিয়েছিলেন ক্যারি প্যাকার। সেই ‘বিপ্লব’-এর মূলে ছিল ব্যবসা। অস্ট্রেলিয়ান ক্রিকেটের টিভি-স্বত্ব না পেয়ে চ্যানেল নাইনের মালিক বিশ্বের সেরা ক্রিকেটারদের কিনে নিয়ে নিজেই শুরু করে দিয়েছিলেন ‘বিদ্রোহী’ এক সিরিজ। সেই উদ্ভাবন ছিল প্রতিহিংসাপ্রসূত ব্যবসায়িক উচ্চাভিলাষ। আর স্টুয়ার্ট রবার্টসনেরটা চাকরির দায়।
৬.
কাউন্টি ক্রিকেটে ক্রমহ্রাসমান দর্শকসংখ্যাই ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে নতুন কিছু ভাবতে বাধ্য করেছিল। সেটি ভাবার দায়িত্ব তো ইসিবির বিপণন ব্যবস্থাপকেরই। স্টুয়ার্ট রবার্টসন ভেবে ভেবেই সমাধান বের করে ফেলেননি। যাঁরা ক্রিকেট মাঠে আসেন, তাঁরা কেন আসেন; আর আসেন না, কেন নয়—এই জরিপকেন্দ্রিক বাজার গবেষণায় ব্যয় করা হয়েছিল দুই লাখ পাউন্ড। যেটির ফলাফলই জানিয়ে দিয়েছিল দর্শকচাহিদা—বৈকালিক বিনোদনের জন্য সংক্ষিপ্ততর কিছু।
৭.
ঘণ্টা তিনেকের বিনোদন জোগাতে রবার্টসনের বিশ-বিশ ৪০ ওভারের ক্রিকেটের প্রস্তাব ২০০১ সালে কাউন্টি দলগুলোর চেয়ারম্যানদের সভায় পাস হলো ১০-৭ ভোটে। যার অর্থ, আর মাত্র দুজন চেয়ারম্যান বিপক্ষে ভোট দিলেই ক্রিকেটে যুগ-বদলের এই ঘটনা আর ঘটে না।
৮.
ভাবতে বিস্ময়করই লাগে, যে ইংল্যান্ড ক্রিকেট ঐতিহ্যের সবচেয়ে বড় পূজারি, সেই রক্ষণশীলতার দুর্গ থেকেই কি না জন্ম টি-টোয়েন্টি ক্রিকেটের! ২০০৩ সালে রোজ বোলে প্রথম প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচের দুই দল ছিল হ্যাম্পশায়ার ও সাসেক্স। যেটির শুরু লক্ষ্যভ্রষ্টতায়, জেমস কার্টলির প্রথম বলটিই ওয়াইড। কিন্তু সেটি প্রতীকী হয়ে ওঠার বদলে টি-টোয়েন্টি প্রথম ম্যাচ থেকেই যাকে বলে ‘সুপারহিট’।
৯.
ক্রিকেটের সঙ্গে এই যে ‘সুপারহিট’ কথাটা অবলীলায় ব্যবহার করে ফেললাম, এটাই বুঝিয়ে দিচ্ছে টি-টোয়েন্টির চরিত্র! উইকেট এখানে সস্তা, চার-ছয় মুড়িমুড়কি, শুরু থেকে শেষ পর্যন্ত হুড়োহুড়ি...তাৎক্ষণিক আনন্দ নিয়ে বাড়ি ফেরা এবং দ্রুতই সেই স্মৃতিতে ধুলো পড়ে যাওয়া। সময়টাই কি এখন এমন! কোনো কিছুরই গভীরে না গিয়ে ভাসা ভাসা বোধ আর ক্ষণিকের উত্তেজনাই আমাদের জীবন!
১০.
টি-টোয়েন্টিরও বিশ্বকাপ? স্টুয়ার্ট রবার্টসন সুদূরতম কল্পনাতেও তা ভাবেননি। এটি যে এমন সোনার ডিম পাড়া হাঁস হয়ে উঠবে, সেটি তো নয়ই। টাকাকে খোলামকুচি বানিয়ে ফেলা আইপিএল নিলামের সময় একটু কি দীর্ঘশ্বাস পড়ে রবার্টসনের? পুরোনো একটা সাক্ষাৎকারে দেখছি মজা করে বলছেন, ‘আমার কিন্তু এক টাকাও বাড়তি আয় হয়নি।’
১১.
দুয়ারে উৎসব। সেই উৎসবকে স্বাগত জানাতে উন্মুখ বাংলাদেশ। উৎসবের আবহে এত গুরুগম্ভীর কথা কি ভালো লাগল? ভেবেছিলাম, খেলাটা যখন টি-টোয়েন্টি, লেখাটাও টি-টোয়েন্টির মতো টুকরো টুকরো হয়ে থাক। তা হয়তো হলো। কিন্তু বিনোদন?
সেটি না হয় খেলা থেকেই খুঁজে নিন!