লেগ স্পিনের পুনর্জাগরণ
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন অবসরে যাওয়ার পর থেকেই ক্রিকেট অঙ্গন ভুগছিল লেগ স্পিনার খরায়। কবজির মোচড়ে বলকে অদ্ভুতভাবে ঘোরানোর কায়দাটা যেন ভুলতেই বসেছিল ক্রিকেট বিশ্ব। আর বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে তো আরও বেশি করে মনে পড়ছিল কবজির ঘূর্ণি জাদুর কথা।১৯৯৬ ও ১৯৯৯ বিশ্বকাপে লেগ স্পিনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শেন ওয়ার্ন। দুটি বিশ্বকাপে মোট ১৭টি ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন ৩২টি উইকেট। ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালটার কথা নিশ্চয়ই এখনো মনে আছে অনেকের। মাত্র ২০৭ রান তাড়া করতে নেমে ২ উইকেটেই ১৬৫ রান তুলে ফেলেছিলেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। এরপর দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে অসাধারণ এক জয় এনে দেন ওয়ার্ন। মাত্র ৩৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে উইন্ডিজকে গুটিয়ে দেন ২০২ রানে। পরের বিশ্বকাপটাও ছিল ওয়ার্নের লেগ স্পিনের জন্য বিশেষভাবে স্মরণীয়। অস্ট্রেলিয়ার টানা দুটি বিশ্বকাপ জয়ের পেছনে একটা বড় অবদান রেখেছিলেন শেন ওয়ার্ন। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট, আর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে এনে দেন দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ।কিন্তু লেগ স্পিনের সেই সুবর্ণ সময়টা এখন আর নেই। তবে এবারের বিশ্বকাপে ক্রিকেট আবার লেগ স্পিনের পুনর্জাগরণের স্বপ্ন দেখছে শহীদ আফ্রিদি ও ইমরান তাহিরকে ঘিরে। প্রথম তিনটি ম্যাচেই দুর্দান্ত বোলিং করে পাকিস্তান অধিনায়ক নিয়েছেন ১৪ উইকেট। পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহিরও উইকেটের দেখা পাচ্ছেন নিয়মিতই। উপমহাদেশের স্পিনারবান্ধব উইকেটকে উপলক্ষ করে আবার হয়তো ক্রিকেট অঙ্গনে লেগ স্পিনের সুবর্ণ সময় ফিরে আসবে, এটা আশা করছেন অনেকেই। ভারতীয় সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে বলেছেন, ‘এক দিনের ক্রিকেটে লেগ স্পিনারের ভূমিকা অনেক। বিশেষত ইনিংসের মাঝামাঝি এটা খুবই কার্যকর। লেগ স্পিনারদের হেলাফেলা করার কোনো অবকাশ নেই। ওয়েবসাইট।