লেজের বিষে নীল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরি অ্যান্ডারসনের ক্যাচ নিয়ে নাসির হোসেনই (ডানে) এগিয়ে এলেন সেটা উদ্যাপনে। তাঁকে অভিনন্দন জানাতে ছুটে আসছেন বোলার আবদুর রাজ্জাকসহ অন্যরা। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  শামসুল হক
কোরি অ্যান্ডারসনের ক্যাচ নিয়ে নাসির হোসেনই (ডানে) এগিয়ে এলেন সেটা উদ্যাপনে। তাঁকে অভিনন্দন জানাতে ছুটে আসছেন বোলার আবদুর রাজ্জাকসহ অন্যরা। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শামসুল হক

আবদুর রাজ্জাক যেন আকাশ থেকে পড়লেন। সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই একের পর এক প্রশ্ন ছুটে যাচ্ছিল নিউজিল্যান্ডের শেষ উইকেট জুটি নিয়ে। বিমর্ষ বসে রাজ্জাক একপর্যায়ে বললেন, ‘আমাদের বিপক্ষে এমন বড় জুটি তো আগে কখনো হয়নি...।’ সঙ্গে সঙ্গে বেশ কিছু কণ্ঠ সমস্বরে শুধরে দিল রাজ্জাককে। এর চেয়েও বড় জুটি আছে বাংলাদেশের বিপক্ষে। এবার রাজ্জাকের অবাক হওয়ার পালা। নিজেকে সামলে বললেন, ‘এটা আসলে আমার জানা ছিল না।’
জানা থাকার কথাও নয়। পরিসংখ্যানের শাখা-প্রশাখায় ঘুরে বেড়ানোর আগ্রহ ক্রিকেটারদের এমনিতেই কম থাকে। নিজে কিছু করলে বা কোনো ঘটনার সাক্ষী হলে হয়তো মনে গেঁথে থাকতে পারে। অন্যথায় একেবারে তোলপাড় ফেলে দেওয়া কীর্তিগুলো বাদ দিয়ে অন্য সব মনে রাখার কারণ নেই। শচীন টেন্ডুলকার ও জহির খান যে বাংলাদেশের বিপক্ষেই শেষ উইকেটে ১৩৩ রানের জুটি গড়েছিলেন, রাজ্জাকের সেটা মনে না থাকায় ভ্রু কোঁচকানোর কিছু নেই। তখনো তো টেস্ট অভিষেকই হয়নি তাঁর!
সতীর্থদের কাছ থেকে যে শুনবেন রাজ্জাক, সেটারও উপায় নেই। এই দলের কেউই তো ছিলেন না সেদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে! সেই ম্যাচেই করা অপরাজিত ২৪৮ এখনো টেন্ডুলকারের সর্বোচ্চ টেস্ট ইনিংস। এগারো নম্বরে নেমে জহির খানের ৭৫ রানের রেকর্ড মাত্র গত বছর ভেঙেছেন টিনো বেস্ট (পরে বেস্টের ৯৫-কে ছাড়িয়েছেন অ্যাশটন অ্যাগার, ৯৮)। শেষ উইকেটে এখনো ভারতের সেরা জুটি ওই ১৩৩। রাজ্জাকরা সেটি কীভাবে জানবেন! কাল বিজে ওয়াটলিং ও ট্রেন্ট বোল্টের জুটি ৪০-৫০ ছাড়ার পরই বাংলাদেশের শরীরী ভাষায় যে ফুটে উঠেছে একধরনের অসহায়ত্ব, এর একটা বড় কারণ হয়তো এই দলের কারও এমন কিছুর অভিজ্ঞতাই হয়নি আগে!

টেন্ডুলকারদের জুটি ছাড়া কালকের আগে শেষ উইকেটে বাংলাদেশের বিপক্ষে পঞ্চাশের জুটিই হয়েছে আর মাত্র একবার। কলম্বোর এসএসসিতে ৬৪ রানের জুটি গড়েছিলেন চারিথা বুদ্ধিকা ও চামিলা গামাগে। সেটি ২০০২ সাল, এই দলের কারও তখন অভিষেক হয়নি। এই দলের সবচেয়ে বাজে শেষ উইকেট অভিজ্ঞতা গত এপ্রিলে হারারেতে হ্যামিল্টন মাসাকাদজা ও কাইল জারভিসের ৩৮। এটি ছাড়া শেষ উইকেটে কোনো ২০ রানের জুটিও দেখতে হয়নি কাউকে! গোটা দলের হকচকিত ভাবটা তাই সহজেই অনুমেয়।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ। রুবেল হোসেনের নো বল যখন মাথা চাপড়ানোর আক্ষেপ হয়ে এসেছে বাংলাদেশ শিবিরে, নতুন জীবন পেয়ে তখন ইতিহাস গড়ার আনন্দে উড়ছেন ব্র্যাডলি-জন ওয়াটলিং। গালিতে ক্যাচ হওয়ার পর ড্রেসিংরুমের পথে অর্ধেক চলেই গিয়েছিলেন। ওই মুহূর্তের হতাশাটা আচমকাই অপ্রত্যাশিত প্রাপ্তির আনন্দে রূপ নিয়ে পেছন থেকে আম্পায়ারের ডাক। ভাগ্যকে ধন্যবাদ জানাতে একটুও কিপটেমি নেই ওয়াটলিংয়ের, ‘অবশ্যই নিজেকে আজ ভাগ্যবান মনে করছি। আম্পায়ার আমাকে ফেরানোর পর আবার নতুন করে শুরু করেছি। ওই ভুল থেকে শিক্ষা নিয়ে কাজে লাগিয়েছি।’

সেই সৌভাগ্যের আঁচে কপাল পুড়েছে বাংলাদেশের। কালকের ইনিংসের পর টেস্ট দলে জায়গাটা পাকা ধরেই নিতে পারেন। শতরানের শেষ জুটির সঙ্গী ট্রেন্ট বোল্টকেও ধন্যবাদ জানাতে ভুললেন না, ‘দারুণ মজা লেগেছে ওর সঙ্গে ব্যাটিং করে। ট্রেন্ট অসাধারণ খেলেছে। বলের জন্য অপেক্ষা করেছে, অনসাইডে দারুণ সব শট খেলেছে।’ বোল্টের ব্যাটিং প্রসঙ্গে রাজ্জাকও বললেন একই কথা, ‘খেয়াল করে দেখবেন, আমাদের উপমহাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের চেয়ে ওদের লোয়ার অর্ডারদের মাথা অনেক ঠান্ডা, বল বুঝে খেলার চেষ্টা করে।’

তবে যাবতীয় যুক্তিতর্ক আর ক্রিকেটীয় ব্যাখ্যার বাইরেও একটা ব্যাপার আছে। ক্রিকেটে এমন কিছুই ঘটে, কোনো ব্যাখ্যার জালে যা বন্দী করা মুশকিল। আর অভাবনীয় এমন অনেক কিছু ঘটে বলেই ক্রিকেট এমন রোমাঞ্চকর!