লেজের ব্যাটিংয়ে রক্ষা পাকিস্তানের
‘গর্ডন গ্রিনিজ আপনাকে কুর্নিশ’—দারুণ একটি কভার ড্রাইভ দেখে ধারাভাষ্যকার রমিজ রাজার উত্তেজিত কণ্ঠ। না, এই ৫৯ বছর বয়সে হঠাৎ মাঠে নেমে যাননি গ্রিনিজ। আর চাইলেও পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টে ক্যারিবিয়ান গ্রেটের মাঠে নামাটা ঠিক সম্ভব নয়। সাবেক পাকিস্তান অধিনায়কের এই উচ্ছ্বসিত প্রশংসা তাঁর এক স্বদেশির শট দেখে। সেটাও স্বীকৃত কোনো ব্যাটসম্যান নন, ১০ নম্বর ব্যাটসম্যান তানভির আহমেদ!তানভিররা কাল আসলেই ব্যাটিং করেছেন প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের মতো। পাকিস্তান যদি এই টেস্ট বাঁচাতে পারে, সেটার অনেকটা কৃতিত্ব পাবে তাদের ‘লেজ’। মূল ভরসা মিসবাহ-উল হক দিনের প্রথম বলে আউট হয়ে যাওয়ার পরও লোয়ার-অর্ডারদের কৃতিত্বেই ফলোঅন এড়িয়েছে পাকিস্তান। ৬০ রান করেছেন ৮ নম্বরে নামা আবদুর রেহমান, ৯-এ নেমে উমর গুল ২১ আর ১০-এ নেমে অভিষিক্ত তানভির ৩০। শেষ তিন জুটিতে রান এসেছে ১১৭।ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া রেহমান পরে সফল হয়েছেন তাঁর আসল ভূমিকাতেও। দারুণ শুরুর পরও দক্ষিণ আফ্রিকাকে প্রত্যাশিত রান পেতে দেয়নি তাঁর ৩ উইকেট। এ জন্যই কাল ইনিংস ঘোষণা করতে পারেননি গ্রায়েম স্মিথ। প্রথম ইনিংসের ১৫০ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৩—দক্ষিণ আফ্রিকা এগিয়ে ৩২৩ রানে।দিনের প্রথম বলেই ডেল স্টেইনের গতিতে মিসবাহর প্রতিরোধ ভেঙে যাওয়ার পর মনে হচ্ছিল ফলোঅনেই পড়ছে পাকিস্তান। এরপরই শুরু লোয়ার-অর্ডার বীরত্বের। অষ্টম উইকেটে রেহমান-গুলের ৩৬ রানের জুটি ভেঙেছে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে। পরের জুটি আরও চমকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৫৯ রানের জুটিতে চোখ ধাঁধানো সব শট খেলেছেন রেহমান-তানভির। ফলোঅন থেকে ১৯ রান দূরে থাকতে ক্যালিসকে এক ওভারে তিনটি চার মেরেছেন তানভির, ৭ রান দূরে থেকে হ্যারিসকে গ্যালারিতে পাঠিয়েছেন রেহমান।চোটের কারণে কাল ব্যাটিংই করতে পারেননি গ্রায়েম স্মিথ। ওপেন করতে নেমে পিটারসেন-আমলা প্রথম দুই ওভারেই চারটি চার মেরে পরিস্থিতির সঙ্গে মানানসই ব্যাটিংই শুরু করেছিলেন। প্রথম চারটিতেই এ বছর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হাজার রান হয়ে যায় আমলার। তবে ১৫ ওভারে ৮১ রানের উদ্বোধনী জুটির পরও প্রোটিয়ারা পাখা মেলতে পারেনি রেহমান-হাফিজের স্পিনে। তথ্যসূত্র: টেন ক্রিকেট ও ওয়েবসাইট।