লেটার মার্কস পেল ঢাকা

ঢাকা নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যানজট ও দুর্ভোগের করুণ চিত্র। এই তো টানা তিন দিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে বিভিন্ন স্থানের রাস্তা। অথচ এমন একটি সময়েই ঢাকাকে লেটার মার্কস দিলেন এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম।
এশিয়া কাপ হকি উপলক্ষে এখন ঢাকাতেই আছেন তৈয়ব ইকরাম। মূলত এশিয়া কাপের আয়োজনের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই ঢাকার এমন প্রশংসা এশিয়ান হকির প্রধান এই কর্তার, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমাকে ও ফেডারেশনের অনেককেই আয়োজন নিয়ে নানা প্রশ্ন করা হয়েছিল। সব শঙ্কা ও সংশয় দূর করে টুর্নামেন্ট এখন সফল সমাপ্তির দিকে। মওলানা ভাসানী স্টেডিয়াম অত্যন্ত ভালো ভেন্যু। আন্তর্জাতিক পর্যায়ে পেশাদার ভেন্যুর তালিকায় অন্যতম এ ভেন্যুটি। সামনে যেকোনো মানের আন্তর্জাতিক ম্যাচ, টুর্নামেন্ট আয়োজনে সক্ষম মওলানা ভাসানী স্টেডিয়াম।’
ঢাকায় দুই দিন টানা বৃষ্টিতে নির্ধারিত সময়ে ম্যাচ অনুষ্ঠিত হয়নি। মাঠের মূল প্রবেশদ্বারে জমে গেছে পানি। ফলে ড্রেনেজ-ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এতে কোনো সমস্যা দেখছেন না তৈয়ব, ‘আমি কোনো সমস্যা দেখি না। কারণ, মুষলধারে বৃষ্টিতে সব টার্ফেই কিছুটা পানি জমে। বাংলাদেশে এই সময়ে এমন বৃষ্টি অনেকটা অপ্রত্যাশিত। এ জন্য দুই দিনের ম্যাচগুলো একটু বিলম্ব হয়েছে।’
১৯৮৫ সালের পর দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজন করার সুযোগ পেয়েছে ঢাকা। আট জাতির এশিয়ান শ্রেষ্ঠত্বের এই লড়াই উপলক্ষে চেষ্টার কোনো ত্রুটি করেনি বাংলাদেশ হকি ফেডারেশন। স্টেডিয়ামের সংস্কারকাজসহ লাগানো হয় নতুন ফ্লাডলাইট, ইলেকট্রনিক স্কোর বোর্ড। সবকিছু মিলিয়ে মওলানা ভাসানী একটি আদর্শ ভেন্যু হিসেবেই পরিচিতি পেয়েছে। মাঠে আহামরি দর্শক উপস্থিতি না হলেও একেবারে কম ছিল না। ভবিষ্যতে আরও বড় কোনো আসরের আয়োজক হতেই পারে ঢাকা।