লেন্ডল-বেকার প্রতিদ্বন্দ্বিতার পুনর্জন্ম!

ইভান লেন্ডল আগে থেকেই ছিলেন, আন্ডি মারের কোচ হয়ে। নোভাক জোকোভিচ আনলেন বরিস বেকারকে। এমনিতেই মারে-জোকোভিচের লড়াইয়ে থাকে টানটান উত্তেজনা। টেনিস-ভক্তরা এমন ম্যাচ দেখার জন্য দিন গুনতে থাকেন। আর এখন তো দুজনের কোচ সাবেক দুই মহারথী। খেলোয়াড়ি জীবনে যাঁরা অনেকবারই বারুদে লড়াই উপহার দিয়েছেন দর্শককে, এবার কি প্রতিদ্বন্দ্বিতা উপহার দেবেন কোচ হিসেবে? গ্র্যান্ড স্লামের ফাইনালে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছেন জার্মানির বেকার, কিন্তু সব মিলিয়ে যে ১২-১০-এ এগিয়ে চেক লেন্ডল। প্রত্যাশাটা তাই আকাশচুম্বী।
তবে অ্যান্ডি মারে নিজে এই প্রত্যাশা করেন না। ব্রিটিশদের গ্র্যান্ড স্লামের হাহাকার ঘোচানো এই তারকা মনে করিয়ে দিয়েছেন এটা ২০১৪। তাই আশির দশকের সেই প্রতিদ্বন্দ্বিতা দেখার আশা না করাই ভালো। কেন সম্ভব নয়, সেটার বেশ ভালোই একটা ব্যাখ্যা দিয়েছেন দুটি গ্র্যান্ড স্লামের মালিক। আবুধাবিতে মুদাবালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে মারে বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি না সেই প্রতিদ্বন্দ্বিতার নবায়ন হবে। আমি বলতে চাইছি, খেলোয়াড়দের কোচিং করিয়ে তেমন প্রভাব রাখা যায় না। আপনি যখন কোর্টে নামবেন ম্যাচের ফলে কোচ খুব কমই ভূমিকা রাখতে পারেন। এর চেয়ে বরং কোচরা প্রস্তুতিতেই বেশি পার্থক্য গড়ে দিতে পারেন।’
সাবেক এক নম্বর অ্যান্ডি রডিকের কোচ ছিলেন জিমি কনর্স। মারের কোচ হয়েছেন লেন্ডল, এবার দৃশ্যপটে বেকার। টেনিসে সাবেকদের শরণ নেওয়ার নতুন রীতিই কি চালু হয়ে গেল? মারে এ ব্যাপারে ঠিক নিশ্চিত নন, ‘রীতিটা এখনই চালু হয়ে গেল কি না আমি জানি না। এটা বোঝার জন্য আমাদের আরও কয়েকটা বছর দেখতে হবে।’ এএফপি।