লেন্ডলের ছোঁয়ায় বদলে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো সময়টা বসে ছিলেন ভাবলেশহীন মুখে। একেবারে ভাবলেশহীন বলা হয়তো ঠিক হলো না, বলা ভালো পাথুরে মুখে। অ্যান্ডি মারে জেতার পরই যেন একটু নরম হলো মুখের পেশিগুলো। ঠোঁট দুটো যেন একটু নড়তে, একটু ছড়াতেও দেখা গেল। ইভান লেন্ডল কি অবশেষে হাসলেন?ট্রফি হাতে নিয়ে মারের রসিকতা, ‘ওর জন্য ওটাই হাসি। আমার মনে হয়, লেন্ডলের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও কখনোই প্রাণ খুলে হাসে না!’ ফাইনাল শেষে কোর্টে দেওয়া মিনি সাক্ষাৎকারে মারের কথায় হাসিতে ফেটে পড়ল আর্থার অ্যাশ স্টেডিয়াম। পরশুর কেন্দ্রীয় চরিত্র যদি হন মারে, নেপথ্যের নায়ক অবশ্যই ইভান লেন্ডল। ব্রিটিশদের গ্র্যান্ড স্লাম শিরোপা-খরা ঘুচল তো এই দুজনের যুগলবন্দীতেই!লেন্ডল-মারে জুটির বয়স মাত্র নয় মাস। গত ৩১ ডিসেম্বর ৫২ বছর বয়সী চেক টেনিস গ্রেটকে কোচ হিসেবে পাশে ডেকে নেন মারে। তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায়ও শুরু হয় এর পর থেকেই। ১৯৩৮ সালের পর প্রথম ব্রিটিশ হিসেবে উঠলেন গত উইম্বলডনের ফাইনালে। ফেদেরারের কাছে হেরে ফাইনাল শেষ হয়েছিল কান্নায়। তবে এক মাস পর একই কোর্টে ফেদেরারকে হারিয়ে জিতলেন অলিম্পিক সোনা। সেই আত্মবিশ্বাসের ছোঁয়াতেই এই ইউএস ওপেন দেখল নতুন এক মারেকে; যে মারে তীরে এসে তরি ডোবান না, বরং ডুবতে থাকা তরিকে তীরে নিয়ে যান।মারের কষ্টটা সবচেয়ে ভালো বোঝার কথা লেন্ডলেরই। উন্মুক্ত যুগে শিরোপা জেতার আগে চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালে হারের যন্ত্রণা পুরুষ টেনিসে মারের আগে শুধু ছিল লেন্ডলেরই। পরে জিতেছেন আটটি গ্র্যান্ড স্লাম। মারের জন্য তাই অনুপ্রেরণার মূর্তিমান উৎস হয়ে ছিলেন লেন্ডল। মারে নিজেও কৃতজ্ঞতা স্বীকারে কমতি রাখলেন না, ‘শতকরা হিসাবে বলতে গেলে বলা কঠিন, কতটা পার্থক্য ও গড়ে দিয়েছে। তবে ওর সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করছি। ওর সব কথাই আমি শুনেছি। ওর মতো একজনকে পাশে পাওয়া যেকোনো টেনিস খেলোয়াড়ের জন্যই বড় পাওয়া। ওর মতো এত শিরোপাজয়ী কেউ তো খুব একটা কোচিংয়ে আসে না বা টেনিসে জড়িত থাকে না।’মারের ক্যারিয়ারে লেন্ডলের প্রভাবটা বুঝতে পারছেন ফাইনালে মারের প্রতিপক্ষ জোকোভিচও, ‘খেলায় ছোটখাটো দু-একটা পরিবর্তন হয়তো করে দিয়েছে লেন্ডল, এখন হয়তো মারে ফোরহ্যান্ড আগের চেয়ে বেশি খেলে। তবে শেষ পর্যন্ত মানসিক ব্যাপারটাই আসল। শিরোপা জয়ে মানসিক বাধাটাই ছিল মারের বড় বাধা। লেন্ডল নিশ্চিতভাবেই বড় ম্যাচে মারের মানসিকতা বদলে দিয়েছে।’ এএফপি, রয়টার্স।