লেবানন-বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার সেরা ২০ দলের তৃতীয় রাউন্ডে খেলতে হলে এখন ২৮ জুলাই নিজেদের মাঠে জিততে হবে ৫ গোলের ব্যবধানে। ওটা এত দূরের যে, স্বপ্নটা না দেখাই ভালো। স্বপ্নটা রক্তাক্ত হয়েছে কাল অ্যাওয়ে ম্যাচে লেবাননের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে। বাংলাদেশের জন্য ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বটা পাকিস্তানের বিপক্ষে জয়ের সুখস্মৃতি নিয়েই শেষ হচ্ছে!বৈরুতের স্পোর্টস সিটি স্টেডিয়ামের ম্যাচে এক নম্বর গোলরক্ষক ও অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যকে খেলাননি কোচ নিকোলা ইলিয়েভস্কি। তাঁর বদলে খেলিয়েছেন দলের তৃতীয় গোলরক্ষক মামুন খানকে। অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল মোহাম্মদ সুজনের হাতে। ফেডারেশন সূত্রে জানা গেছে, বিপ্লবকে নাকি খেলানোর মতো পুরো ফিট মনে করেননি কোচ। পাকিস্তানের বিপক্ষে প্রাক-বাছাইপর্বের দুই ম্যাচে বিপ্লব ছিলেন পুরো ফিট, আর লেবাননে গিয়ে তিনি আনফিট হয়ে গেলেন! কে বলবে আসলে কী ঘটেছে। পরশু সংবাদ সম্মেলনে দেখা মেলেনি প্রধান কোচ ইলিয়েভস্কির। দলের মধ্যে কি কোনো ঝামেলা হলো? এ ব্যাপারে বাফুফে নিশ্চুপ। বৈরুত থেকে দল ঢাকায় ফিরলেই হয়তো আসল ঘটনা জানা যাবে।প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া লেবাননের পক্ষে প্রথম গোল করেন হাসান মাতুক, ১৬ মিনিটে। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাহমুদ আলী। ৫৫ ও ৬৪ মিনিটে আরও দুই গোল করেন আল সাদি ও তারেক আলী। পাকিস্তানকে হারিয়ে উড়তে থাকা বাংলাদেশকে লজ্জা দিল র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ পিছিয়ে থাকা লেবানন! বাংলাদেশ দল: মামুন খান, নাসির (রবিন), ওয়ালি (মিশু), আরিফ, সুজন, রেজাউল, রাজু, মামুনুল, জাহিদ, শাকিল, এমিলি (মিঠুন)।