লেবানন বড় এক সুযোগের নামও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের কর্মকর্তা, খেলোয়াড়, সাধারণ দর্শক—সবার চোখে এখন স্বপ্নের মায়াঞ্জন। লেবাননকে হারিয়ে এশিয়ার সেরা ২০টি দলের মধ্যে স্থান পাওয়ার স্বপ্ন। কিন্তু বাংলাদেশ ফুটবল দল কি তা পারবে?উত্তরটা হ্যাঁ-বোধক হলে বাংলাদেশের ফুটবল ইতিহাসই পাল্টে যাবে। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের প্রথম রাউন্ডই যাদের নিয়তি, সেই বাংলাদেশ এখন প্রথমবারের মতো এশিয়ার কুলীন সমাজে পা রাখার সুযোগ দেখছে। পাকিস্তানকে হারানোর পর সেরা ৩০, লেবানন-বাধা পেরোলে সেরা ২০—বিশ্বকাপে প্রাক-বাছাইপর্ব শুরু হওয়ার পর এমন সময় আর আসেনি!কিন্তু বরাবরের মতো প্রস্তুতিতে ঘাটতিটা থাকছেই। শেষ পর্যন্ত তবু সুপার কাপ বন্ধ করায় কয়েকটা দিন অনুশীলনের সুযোগ এল। আজই সকালে জাতীয় দল যাবে বিকেএসপি। বিকেল থেকে ২৩ জুলাই বৈরুতে ম্যাচের আগের দিন পর্যন্ত অনুশীলন সেশন থাকছে ৮টি।তবে এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচের আগে এটিকে মোটেও যথেষ্ট মনে করছেন না জাতীয় দলের ম্যানেজার ছাইদ হাসান (কানন)। কাল বিকেলে বাফুফে ভবনে বসে সেটিই বলছিলেন, ‘আরও বেশি দিন প্রস্তুতি নিতে পারলে ভালো হতো।’ তবে ম্যাচটার গুরুত্ব তুলে ধরে খেলোয়াড়দের কোর্টেই বল ঠেললেন কানন, ‘খেলোয়াড়দের বলব, রেজাল্ট দাও। বিনিময়ে তোমাদের সব দেওয়া হবে। যে করেই হোক, এই সুযোগ কাজে লাগানো চাই।’ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৩-০, লাহোরে ফিরতি ম্যাচ ০-০। আগের দলটার ওপরই আস্থা রাখার কথা। কিন্তু সুপার কাপের ৬টি ম্যাচ দেখে দলে বড় পরিবর্তন এনেছেন কোচ ইলিয়েভস্কি। ১০-২০ মিনিট খেলা দেখেই তাঁর কাছে অনেককে মনে হয়েছে, ‘অসাধারণ খেলোয়াড়।’দুই দিন আগে ৩৫ জনকে ডাকা হয়েছিল। কাল ঘোষিত ২২ জনের চূড়ান্ত দলে জায়গা ধরে রেখেছেন বিপ্লব, মামুন খান, লিংকন, আরিফুল, রেজাউল, নাসির, মামুন মিয়া, মিশু, রাজু, মামুনুল, জাহিদ, শাকিল, কোমল, মিঠুন ও এমিলি।নতুন ঢুকেছেন আবাহনীর গোলরক্ষক জিয়া, মিডফিল্ডার প্রাণতোষ ও স্ট্রাইকার রবিন, মোহামেডানের মিডফিল্ডার শরিফুল ও স্ট্রাইকার তৌহিদুল, শেখ জামালের ডিফেন্ডার ওয়ালী ফয়সাল ও মোহাম্মদ সুজন। এঁদের মধ্যে একেবারেই নতুন তৌহিদুল। পাকিস্তানে যাওয়া ২০ জনের দল থেকে বাদ পড়েছেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক নেহাল, ডিফেন্ডার ইয়ামিন মুন্না, আবাহনীর স্ট্রাইকার শাখাওয়াত রনি, ব্রাদার্সের ডিফেন্ডার ইউসুফ আলী ও শেখ রাসেলের স্ট্রাইকার মোহাম্মদ ইউসুফ। এই খেলোয়াড়দের কেন নেওয়া হয়েছিল, কেন বাদ দেওয়া হলো—বোঝা কঠিন!এর মধ্যে অবসরে যাওয়া গোলরক্ষক আমিনুলের নামও ছিল কোচের তালিকায়। শেখ জামাল অধিনায়ককে দলে নেওয়ার জন্য একরকম চাপাচাপিই করেছেন ইলিয়েভস্কি। কোচের আগ্রহ দেখে বাফুফে আবারও কথা বলেছিল আমিনুলের সঙ্গে। কিন্তু আমিনুল সিদ্ধান্ত বদলাতে রাজি হননি।র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে লেবানন ১৪ ধাপ পিছিয়ে। কিন্তু র‌্যাঙ্কিং সব নয়। ইলিয়েভস্কি তো লেবাননকেই অনেক এগিয়ে রাখছেন, ‘দুই দলের তুল্যমূল্য বিচারে লেবানন ৮০, বাংলাদেশ ২০। তবে এ অবস্থা থেকেও জেতা সম্ভব। আমি তো জেতার জন্য উদ্গ্রীব হয়ে আছি।’মাঠে দর্শক নেই, সুপার কাপের মতো টুর্নামেন্ট দর্শক-খরায় স্থগিত হয়ে গেল—এই দুঃসময়ে লেবাননের বিপক্ষে সাফল্য ফুটবলের দিকে সবার দৃষ্টি ফেরানোরও সুযোগ।বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনেরও বিশ্বাস তা-ই, ‘জাতীয় দল ভালো করলে সবদিক থেকেই আমাদের জন্য লাভ। পৃষ্ঠপোষক পাব, মানুষ ফুটবল নিয়ে আলোচনা করবে, তারই ফল হিসেবে আমরা মাঠে দর্শকও পাব। এটা হবে আমাদের ফুটবলের জন্য সর্বোচ্চ সাফল্য।’