লেবানন মিশনের প্রস্তুতি শুরু
ওয়ালী ফয়সালের সামনে ‘মুরব্বি’ সেজে জাহিদ বললেন, ‘এবার তোমরা খেলবা। আমরা তো পাকিস্তান-বাধা পার করছি, লেবানন বাধাটা তোমরা পার করো।’গত মিয়ানমার সফর ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচে ছিলেন না ডিফেন্ডার ওয়ালী। দলে নিয়মিত রাইট উইঙ্গার জাহিদ ঠিক এই সুযোগটাই নিলেন। দলে ফিরে আসা সতীর্থের সঙ্গে এটা তাঁর নিছকই রসিকতা। সেটি বুঝতে পেরে ওয়ালী হেসে বললেন, ‘তোমরা মিডফিল্ড সামলাবে, আমরা সামলাব ডিফেন্স। মাঠে সবাই নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করলেই তো হয়।’এই খুনসুটি-আড্ডা কাল সকালে বাফুফে ভবন চত্বরে। লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি নিতে এখান থেকেই বিকেএসপি গেল বাংলাদেশ ফুটবল দল। কয়েকজন গেলেন নিজেদের গাড়িতে। বন্ধু জাহিদকে নিজের চকচকে নতুন গাড়িতে তুলে রওনা হচ্ছেন এমিলি, তা দেখে বাংলাদেশ দলের ম্যানেজার ছাইদ হাসান কাননের মুখে উচ্ছ্বাস, ‘বাংলাদেশের ফুটবলাররা এখন দামি গাড়িতে চড়ে। খুব খুশি লাগছে দেখে। লেবানন থেকে এই খুশিটা নিয়েই ফিরতে চাই। দেশের ফুটবলের জন্য এটা খুবই দরকার।’কথাটা সবখানেই উচ্চারিত হচ্ছে। বাফুফে ভবনে খেলোয়াড়দের রিপোর্টিংয়ের সময় কোচ ছিলেন না, তিনি বাসা থেকে সরাসরিই গেছেন বিকেএসপি। উপস্থিত কর্মকর্তারা দলকে উদ্দীপ্ত করার জন্য সর্বোচ্চ সুযোগটাই নিয়েছেন। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় তো খেলোয়াড়দের এ-ও বলে দিলেন, ‘লেবাননকে হারানোর সুযোগটা কাজে লাগাও। মাঠে সেরাটা দাও। আমরা তোমাদের চাহিদা মেটাতে প্রস্তুত।’ সামনে বড় হাতছানি। লেবাননকে হারালেই বিশ্বকাপের বাছাই পর্বে এশিয়ার সেরা ২০-এ জায়গা মিলবে। অনেক দিন পর দলে আসা সুজন থেকে শুরু করে নতুন ডাক পাওয়া তৌহিদুল—সবারই অভিন্ন একটা উপলব্ধি টের পাওয়া গেল, দেশের ফুটবলের জন্য এটা বিরাট সুযোগ। বাংলাদেশ দলের ক্যাম্পটা বেশির ভাগ সময়ই হয় নামকাওয়াস্তে, খেলোয়াড়েরা হেলেদুলে প্রস্তুতিতে নামেন। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। মিডফিল্ডার মামুনুলের কথায় এরই প্রতিধ্বনি, ‘আমরা জানি, ম্যাচটার গুরুত্ব। কাজেই নিজেদের সেরা তো বটেই, এর চেয়েও ভালো খেলতে চাই আমরা।’সুসংবাদ, গত কয়েকটা দিন খেলোয়াড়দের মাথায় থাকা দলবদলের চিন্তা আপাতত পেছনের পাতায়। বেশির ভাগ খেলোয়াড়ই নতুন ঠিকানা বা পুরোনো দলে থেকে যাওয়া নিশ্চিত করেছেন। এবার তো ২৫ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে শোনা যাচ্ছে। খেলোয়াড়দের ‘পকেট’ এখন বেশ গরম। কে একজন বললেন, লেবাননের বিপক্ষে এবার খেলোয়াড়দের প্রতিদান দেওয়ার পালা!পরশু রাতে মুক্তিযোদ্ধা ছেড়ে শেখ রাসেলে যাওয়া নিশ্চিত করেছেন, পরদিন সকালে তাই ‘চাপমুক্ত’ দেখাল বিপ্লবকে। ‘আমরা এখন খোলা মন নিয়েই বিকেএসপি যাচ্ছি। পাঁচ দিন প্রস্তুতির সময় পাচ্ছি। লেবানন ম্যাচের জন্য এই সময়টায় আমরা নিজেদের তৈরি করব, উজ্জীবিত করব’—বললেন বাংলাদেশ-অধিনায়ক।লেবাননের সঙ্গে আগে খেলেনি বাংলাদেশ। তবে এএফসি কাপে লেবাননের নেজমাহ ক্লাবের সঙ্গে ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা খেলেছে, তাতে ছিলেন বাংলাদেশের এই দলের দুই খেলোয়াড়—সুজন ও এমিলি। কেমন হতে পারে লেবানন? সাত-আট বছর আগে ফিরে গিয়ে সুজন বললেন, ‘আমরা নেজমাহর সঙ্গে হাইটেই (উচ্চতা) মার খেয়েছিলাম। বাতাসে পারিনি।’ এমিলির কথা, ‘ওরা শারীরিক ও মানসিকভাবে খুবই শক্তিশালী।’ তাহলে বাংলাদেশ ভয় পাচ্ছে? ‘না, না, আমরা চেষ্টা করলে ভালো করার ক্ষমতা রাখি’—এমিলির মুখে প্রত্যয়।দলের নতুন সদস্য তৌহিদুলও প্রত্যয়ী। মোহামেডানে খেলা মহেশখালীর তরুণ হঠাৎই ঢুকে পড়েছেন জাতীয় দলে। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত, ‘শেখ রাসেলের বিপক্ষে সুপার কাপের দ্বিতীয় ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করাই আমার টার্নিং পয়েন্ট। কোচ সেরা খেলোয়াড়ের পুরস্কারটা আমার হাতে তুলে দিতে দিতে বলেছেন, তুমি লেবানন যাচ্ছ। স্বপ্ন-স্বপ্ন লাগছে সবকিছু।’লেবানন থেকে ফেরার সময়ও এই অনুভূতিটা থাকলেই ভালো!