লেবাননকে নিয়ে আশা-নিরাশা
‘দেশে সবাই খুশি তো?’ বিপ্লব ভট্টাচার্যের কৌতূহল। পাকিস্তানের সঙ্গে ফিরতি ম্যাচে গোলশূন্য ড্র। ঢাকায় প্রথম ম্যাচে ৩-০ জয়। বাংলাদেশ বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠে যাওয়ায় দেশের ফুটবল অঙ্গন তো খুশিই।কাল দুপুরে বাংলাদেশ অধিনায়ক বিপ্লবকে ফোনে ধরে জানা গেল তখনো খেলোয়াড়দের চোখেমুখে ঘুমের রেশ। যেতে লেগেছে ১৮-১৯ ঘণ্টা, ক্লান্তির সঙ্গে লাহোরে পৌঁছে নিরাপত্তার ঘেরাটোপ। পরশু ম্যাচ খেলে যেন হাঁফ ছেড়ে বাঁচল বাংলাদেশ দল! সবচেয়ে বেশি স্বস্তি পেলেন সম্ভবত কোচ নিকোলা ইলিয়েভস্কি। কিন্তু তাঁর মুখে তালা। লাহোরে ফোন করলে মেসিডোনিয়ান ভদ্রলোক কথা বললেন না। ম্যানেজার ছাইদ হাসান হাসতে হাসতে জানালেন কারণটা, ‘কোচ নাকি টায়ার্ড। আমাকে বলল ম্যাচের সময় চিৎকার করতে করতে তাঁর গলা ভেঙে গেছে। কথা বলতে আগ্রহী নন।’আজ সকাল পৌনে সাতটায় বাংলাদেশ দলের ঢাকায় পৌঁছানোর কথা। পৌঁছেই পরের রাউন্ডের প্রতিপক্ষ লেবাননকে নিয়ে ভাবতে হচ্ছে। ২৩ জুলাই বৈরুতে অ্যাওয়ে ম্যাচ। ঢাকায় ২৮ জুলাই। কিন্তু ৮ জুলাই সুপার কাপ শুরু হলে বাংলাদেশ দল প্রস্তুতি নেবে কীভাবে? ‘লেবানন ভালো দল। আমাদের অবশ্যই ভালো প্রস্তুতি নেওয়া দরকার। আমরা চাই, এই ১৫ দিন ক্যাম্প হোক। সুপার কাপ পরে করা যেতে পারে। জাতীয় দলের বিষয়টা এখন আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে’—ফোনের ও-প্রান্তে বিপ্লবের কণ্ঠে আকুতি।লেবাননের সঙ্গে বাংলাদেশ আগে খেলেনি। এএফসি কাপে লেবাননের সাবেক চ্যাম্পিয়ন নেজমাহর সঙ্গে খেলেছে মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স। তা থেকে ধারণা পাওয়া গেছে, লেবানন ফুটবলে বাংলাদেশের চেয়ে এগিয়ে। স্ট্রাইকার এমিলি একটু বেশিই সতর্ক, ‘২০০৫ সালে ব্রাদার্সের হয়ে নেজমাহর বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি আমি। দুটিতেই আমাদের হার। বৈরুতে ৪-২ আর ঢাকায় ২-১। শারীরিক তো বটেই, টেকনিক্যালিও ওরা আমাদের চেয়ে এগিয়ে। কাজেই ভালো প্রস্তুতি না নিলে ওদের সঙ্গে পেরে ওঠা কঠিন।’তবে খুব কঠিন মানছেন না শফিকুল ইসলাম। ২০০২-০৩ মৌসুমে মুক্তিযোদ্ধা কোচ হিসেবে নেজমাহর বিপক্ষে দুটি ম্যাচ খেলা এই কোচ বলছেন, ‘ওরা এগিয়ে আছে ঠিক। তবে বাংলাদেশে দলের জয় পাওয়া অসম্ভব নয়। মুক্তিযোদ্ধা ২-০ আর ১-০ গোলে হেরেছিল নেজমাহর কাছে। ভালো প্রস্তুতি নিলে আমাদের জাতীয় দল জিততেই পারে।’দেশের বাইরে খেলতে যেতে না পারা লেবানন ফুটবলের বড় বাধা। বিস্ময়কর শোনালেও দেশটি সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৪ ধাপ পেছনে (১৭৭)! তবে কাগজ-কলমের এই হিসাবকে গুরুত্ব দিতে চান না জাতীয় দলের সাবেক কোচ হাসানুজ্জামান বাবলু, ‘র্যাঙ্কিং কোনো ব্যাপার নয়। লেবাননের সঙ্গে জিততে কঠিন লড়াই-ই করতে হবে।’কোনোমতে লেবানন-বাধাটা পেরোলেই ২০ দলের বাছাইপর্বে ঢুকে যাওয়ার সুযোগ! প্রাক-বাছাইয়ের ১৬টা দল থেকে ৮টি দল যোগ দিচ্ছে পরের ধাপের ২২টি দলের সঙ্গে। এখানে জয়ী ১৫ দলের সঙ্গে যোগ দেবে ৫টি বাছাই দল—দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও বাহরাইন।তবে মূল বাছাইপর্বে যাওয়ার স্বপ্নটা একপাশে সরিয়ে আপাতত পাকিস্তান-পর্ব পেরোনোর তৃপ্তিই বাংলাদেশের খেলোয়াড়দের মুখে। বিপ্লব বলছিলেন, ‘প্রতিকূল অবস্থায় আমরা লাহোরে খেলেছি। একটা ভয় কাজ করছিল। এর আগে আমরা কখনো এমন পরিবেশে খেলিনি। পাকিস্তান নিজের মাঠে গা-জোয়ারি ফুটবল খেলে চেষ্টা করেছে গোল করার জন্য। কিন্তু আমাদের লক্ষ্য ছিল গোল দিতে না পারলেও গোল কিছুতেই খাওয়া যাবে না।’সেই লক্ষ্য পূরণ হলেও বাংলাদেশ দলের খেলা নজর কাড়েনি। তাতে কী, নতুন কোচ খুশি। মিডফিল্ডার জাহিদ ফোনে সেটিই বললেন, ‘খেলোয়াড়দের ওপর কোচ সন্তুষ্ট। যেভাবে বলেছেন সেভাবেই আমরা খেলেছি।’লেবানন-পর্ব শেষে এই খুশিটা থাকবে তো?