লেবাননকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ খেলেই লেবাননকে হারাল বাংলাদেশ। জয়ের ব্যবধানটা ২-০ হলেও চিরন্তন আক্ষেপই সঙ্গী হলো বাংলাদেশের। বৈরুতে অ্যাওয়ে ম্যাচে ৪-০ গোলে হারাটাই শেষ পর্যন্ত কাল হলো। সেই সঙ্গে অন্তত প্রমাণ করা গেল লেবাননের কাছে ৪ গোলে হারাটা মোটেও কাম্য ছিল না বাংলাদেশের।হারানোর কিছু না থাকলে বাংলাদেশি খেলোয়াড়েরা সাধারণত ভালো খেলেন। প্রথম লেগে ৪-০ গোলে হেরে যাওয়ার পর আজ ঢাকায় দ্বিতীয় লেগের ম্যাচ থেকে প্রত্যাশাটা তেমন একটা ছিল না। পরের রাউন্ডে যাওয়াটাই অনেক দূরের ব্যাপারে পরিণত হয়েছিল সেই বৈরুতেই। আজকের ম্যাচে লক্ষ্যটা ছিল তাই হারানো আত্মবিশ্বাস কিছুটা ফিরে পাওয়া আর এশিয়ার মোটামুটিমানের একটি দলের বিপক্ষে ভালো কিছু করা। দিনশেষে প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছেন এমিলি-মিঠুন-সুজন-জাহিদরা। বাংলাদেশের বর্তমান ফুটবলমানের বিচারে আজকের ম্যাচে লেবাননকে হারিয়ে দেওয়া তাই অসম্ভব এক স্বপ্নপূরণই।ম্যাচের নায়ক দুজন। মিঠুন চৌধুরী ও জাহিদ হোসেন এমিলি। তাঁরা নায়ক গোলদাতা বলেই। কিন্তু নায়ক হিসেবে দুজন খেলোয়াড়ের নাম উচ্চারণ করলে বাকি খেলোয়াড়দের ওপর একটু অবিচারই করা হয়। পুরো দলই আজ নিজেদের সীমাবদ্ধতাকে স্বীকার করে জীবনবাজি রেখে লড়াই করেছেন বলেই এই জয় সম্ভব হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসের জ্বালানিটা বেশ ভালোভাবেই মজুদ করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।খেলার কোনো সময়ই লেবাননকে সঠিক ছন্দে খেলতে দেয়নি বাংলাদেশ। রক্ষণভাগ বৈরুতের ভুল-ত্রুটি সামলে নিজেদের মেলে ধরে। পেছন থেকেই আত্মবিশ্বাসের রসদটা সামনের দিকে সঞ্চালিত হয়। মধ্যমাঠের খেলোয়াড়েরা গুছিয়ে বসেন। মামুনুল ইসলাম, মোনায়েম খান রাজু, প্রাণতোষরা নিজেদের মধ্যে সমঝোতা গড়ে বলের দখল নিয়ে নেন লেবাননের দীর্ঘদেহী ফুটবলারদের কাছ থেকে। গুটি গুটি পায়ে সৃষ্টি করা আক্রমণগুলো বেশ কয়েকবারই আতঙ্ক ছড়ায় লেবানিজ রক্ষণব্যূহে। লেবাননও পাল্টা কিছু আক্রমণ শানায়। কিন্তু নিয়মিত অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যের জায়গায় দেশের অধিনায়কত্ব করা ডিফেন্ডার মোহাম্মদ সুজনের নেতৃত্বে বাংলাদেশ রক্ষণভাগ সেই চাপ বেশ ভালোভাবেই সামলে নেয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের সময় বাংলাদেশ গোল পায়। প্রায় একক প্রচেষ্টায় মিঠুন চৌধুরী একটি বল নিয়ে লেবাননের গোল সীমানায় প্রবেশ করে শট নেন। সেই শট লেবাননের গোলরক্ষক ইলিয়াস ফ্রেইজি ফিরিয়ে দিলে ফিরতি বলে চমত্কার শটে বল জালে জড়িয়ে দেন তিনি। গোলটি পেয়ে যাওয়ার পর বাংলাদেশের আক্রমণ আরও জোরদার হয়। তবে যোগ্য একজন স্ট্রাইকারের অভাবে আক্রমণগুলোর পরিণতি ভালো হয়নি।৮৭ মিনিটে ব্যবধানই কেবল নয়, আক্ষেপও দ্বিগুণ করে বাংলাদেশ। এবার বন্ধু মিঠুনের সহযাত্রী হন জাহিদ হোসেন এমিলি। ডান প্রান্ত থেকে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে আসা একটি ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন এমিলি। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৩-০ গোলে এগিয়ে যাওয়ারও একটি সুযোগ তৈরি হয়েছিল। আরও একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে মামুনুলের শট লেবাননের ডি-বক্সের মধ্যে একজন ডিফেন্ডারের হাতে লেগে যায়। কিন্তু থাই রেফারি বাংলাদেশকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেন ব্যাপারটি এড়িয়ে যেয়ে।শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসের চেয়ে বিষাদটাই যেন বেশি করে ঘিরে ধরল বাংলাদেশকে। বৈরুতে যদি ফলটা অমন না হতো, হয়তো এ দেশের ফুটবলকে আজই অন্য এক মাত্রায় পৌঁছে দিতে পারতেন ফুটবলাররা।চেষ্টা করলে তাহলে বাংলাদেশের ফুটবলাররাও পারেন!