লেভা এখন বায়ার্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসবেন সেটা জানাই ছিল। সেটা যে এত শিগগির হয়ে যাবে সেটাই শুধু ধারণা করা যায়নি। রবার্ট লেভানডফস্কি বায়ার্ন মিউনিখে আসবেন সেটা একরকম ঠিকই হয়ে ছিল। ডাক্তারি পরীক্ষা শেষে পরশু সেই আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন লেভা, এই মৌসুম শেষ হলেই তিনি ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নের হয়ে যাবেন।
লেভানডফস্কিকে আনতে একটা টাকাও খরচ হচ্ছে না বায়ার্নের। পোলিশ স্ট্রাইকারের সঙ্গে বায়ার্নের চুক্তিটা হয়েছে ‘ফ্রি ট্রান্সফারে’।
আরেকটু খোলাসা করা যাক ব্যাপারটা। ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ বলে দিয়েছিলেন অন্তত এই মৌসুমে কোনোভাবেই লেভাকে ছাড়বেন না। কিন্তু ওদিকে যে লেভা মন দিয়ে দিয়েছেন বায়ার্নকে! ডর্টমুন্ডের সঙ্গে চুক্তিটা শেষ হয়ে যাবে এই মৌসুম শেষেই। সেটা বাড়াবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন। ক্লপের হাতে বিকল্প ছিল দুটি—চুক্তি শেষ হওয়ার আগেই লেভাকে মোটা অঙ্কে বিক্রি করে দেওয়া বা এই মৌসুম খেলিয়ে মুফতে ছেড়ে দেওয়া। দ্বিতীয় বিকল্পই বেছে নিয়েছেন ক্লপ।
ক্লপ কেন ছাড়তে চাননি সেটা লিগ-সর্বোচ্চ ১১ গোল করেই বুঝিয়ে দিয়েছেন লেভানডফস্কি। বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে তো এমনি এমনি বলেননি, ‘লেভানডফস্কি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। এই দলবদলটা সারতে পেরে আমরা খুবই আনন্দিত। সে আমাদের দলকে শক্তিশালী করবে।’ দুই পক্ষের চুক্তিটা পাঁচ বছরের।
এই মৌসুমেই বায়ার্ন ডর্টমুন্ড থেকেই নিয়ে এসেছে মারিও গোটশেকে। এবার আনা হলো লেভানডফস্কিকে। বুন্দেসলিগায় বায়ার্ন আধিপত্য শিগগিরই খর্ব হচ্ছে না! এএফপি।