লেভা বায়ার্নেই যাচ্ছেন, তবে...
রবার্ট লেভানডফস্কির অবস্থা হয়েছে খাঁচায় আটকে পড়া পাখির মতো। নিজে চলে যেতে চাইছেন, কিন্তু ক্লাব ছাড়ছে না এবারের চ্যাম্পিয়নস লিগের চমক জাগানো স্ট্রাইকারকে। কয়েক দিন আগেই ডর্টমুন্ড জানিয়েছিল আর যেখানেই যান, এই মৌসুম শেষে বায়ার্ন মিউনিখে যাবেন না ২৪ বছর বয়সী স্ট্রাইকার। জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে, লেভানডফস্কি বায়ার্নেই যাচ্ছেন, কিন্তু এই মৌসুমেই নয়। তার মানে আরও এক বছর সম্ভবত ডর্টমুন্ডেই থাকছেন লেভা। পোলিশ এই স্ট্রাইকারের সঙ্গে ডর্টমুন্ডের চুক্তি শেষ হবে সামনের বছর। তখন আর বায়ার্নে যোগ দিতে কোনো বাধা থাকবে না। সে ক্ষেত্রে ক্ষতিটা হবে ডর্টমুন্ডেরই, সোনার ডিমপাড়া হাঁসকে ছেড়ে দিতে হবে ‘ফ্রি ট্রান্সফারে’।এখনকার চেয়ে তিন গুণ বেশি বেতনের নতুন চুক্তির প্রস্তাব লেভানডফস্কিকে ডর্টমুন্ড দিয়েছে বলে যে গুজব, ক্লাবের পরিচালক মাইকেল জরখ তা উড়িয়ে দিয়েছেন। এএফপি।