লেভাকে নিয়েও টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট লেভানডফস্কি
রবার্ট লেভানডফস্কি

কালকের ফাইনালের তারকাদের নাম করতে গেলে যাঁদের নাম আসবে, তাঁরা প্রায় প্রত্যেকেই বায়ার্ন মিউনিখের। কিন্তু বায়ার্নের এক পাল্লার এত এত তারকাকে অন্য এক পাল্লায় একাই সামাল দিতে পারেন একজনই, যাঁর নাম এক বছর আগেও অনেকেই জানত না। এই মৌসুমের দুর্দান্ত ফর্ম এমনিতেই অনেকের নজর টেনে এনেছিল। বাকিরাও দৃষ্টি ফেরাতে বাধ্য হয়েছেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে চার গোল করার পর। সেই রবার্ট লেভানডফস্কিকেও নাকি এবার ভাগিয়ে নিয়ে যেতে চায় বায়ার্ন মিউনিখ!

মারিও গোটশেকে যেভাবে বায়ার্ন কিনেছে, সেই ক্ষোভমিশ্রিত শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। এরই মধ্যে দলের মূল অস্ত্রটিকে নিয়ে বায়ার্নের এমন টানাটানি তাদের যে খেপিয়ে তুলবে, সেটাই তো স্বাভাবিক। ২০১৪ সালের জুনে পোলিশ এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ডর্টমুন্ডের। লেভা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন চুক্তি নবায়ন তিনি করছেন না।

লিগে টানা ১২ ম্যাচে গোল করে ক্লাব রেকর্ড গড়া লেভানডফস্কির বয়স মাত্র ২৪। তা ছাড়া জাত স্ট্রাইকারের এই সংকটকালে তাঁর মতো ‘পারফেক্ট নাইন’কে নিয়ে আগ্রহ তো থাকবেই। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, রিয়াল মাদ্রিদ—অনেক বড় বড় ক্লাবই লেভানডফস্কির পেছনে ছুটছে। তবে ‘সুপার মার্কেট’ ডর্টমুন্ট থেকে সওদাটা বোধ হয় এবারও করে ফেলবে বায়ার্নই। রিয়ালের বিপক্ষে চার গোল করা সেই দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁর এজেন্ট মাইক বার্থেল বলেই দিয়েছিলেন, ‘আমরা অন্য আরেকটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ এবং এই গ্রীষ্মেই দল পাল্টানোর অধিকার আমাদের আছে।’ কিছু কিছু প্রতিবেদনেও শোনা যাচ্ছে, বায়ার্নের সঙ্গেই নাকি সেই সমঝোতা হয়েছে। এই মৌসুম শেষে না হলেও আগামী মৌসুমে বায়ার্নে চলে যাচ্ছেন এবার ৪৮ ম্যাচে ৩৬ গোল করা এই স্ট্রাইকার।

তবে সেই সম্ভাবনা এই মৌসুম শেষে ঘটার কোনো কারণ দেখছেন না ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হ্যান্স-জোয়াকিম ওয়াজকে, ‘২০১৪ সাল পর্যন্ত তার সঙ্গে আমাদের চুক্তি। এক্সিট ক্লজও (চুক্তির মেয়াদ পূর্তির আগেই বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে কিনে ফেলা, গোটশের বেলায় বায়ার্ন যেটা করেছে) নেই।’ ২০ মিলিয়ন ইউরোয় তাঁকে বিক্রি করার চেয়ে আগামী মৌসুমে তাঁর কাছ থেকে ২০টি গোল পেলেই বেশি খুশি হবেন বলেও জানিয়েছেন তিনি, ‘আমরা তো ভীষণভাবে চাই সে আমাদের দলে থাকুক। অন্তত ২০১৪ পর্যন্ত খেলুক।’

বায়ার্ন শুধু নিজেদের শক্তি বৃদ্ধি করছে না, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের খোঁড়া করে দেওয়ার নীতিও যেন নিয়েছে। এ নিয়ে সবচেয়ে সমালোচনামুখর ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ। লেভানডফস্কিকে নিয়েও বায়ার্নের এই টানাটানিতে ভেতরে ভেতরে তিনি নিশ্চয়ই জ্বলছেন। তবে মুখে বলছেন, ‘অন্য মায়েদের আরও অনেক সুন্দর সুপুত্র আছে যারা ফুটবল খেলতে পারে। আমি আপনাদের জানাব এ নিয়ে আমাদের বিচলিত হওয়া উচিত কিনা। তবে আপাতত নির্ভার থাকুন।’ এএফপি।