লেভানডফস্কিও যাচ্ছেন বায়ার্নে?

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোটাই কি কাল হয়ে দাঁড়াল বরুসিয়া ডর্টমুন্ডের জন্য? যাঁদের ভালো পারফরম্যান্সে ভর করে জার্মান ক্লাবটি এবারের ফাইনালে জায়গা করে নিয়েছিল, তাঁদের দিকেই যে এখন হাত বাড়াচ্ছে প্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ। ইতিমধ্যে দলের অন্যতম প্রধান মিডফিল্ডার মারিও গোটশের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছে জার্মানির শীর্ষ ক্লাব বায়ার্ন। এবার ডর্টমুন্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিকে দলে ভেড়ানোর জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাভারিয়ানরা। বায়ার্নের জার্সি গায়ে খেলার জন্য লেভানডফস্কিকে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে ইঙ্গিত দিয়েছেন বায়ার্ন মিউনিখের বিদায়ী কোচ ইয়ুপ হেইঙ্কেস।
২০১০ সালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন রবার্ট লেভানডফস্কি। ২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে বরুসিয়ার টানা দুটি বুন্দেসলিগা শিরোপা জয়ের পেছনেও বেশ বড় অবদান ছিল এই পোলিশ স্ট্রাইকারের। তবে ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমের আগে খুব বেশি আলোচনায় ছিলেন না তিনি। এবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচেই চারটি গোল করে সবার নজর কেড়ে নেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। তার পর থেকেই তাঁকে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। চূড়ান্ত চুক্তিটা সেরে ফেলতেও হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বাভারিয়ানদের। গতকাল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পরপরই সাংবাদিকদের এমন ইঙ্গিত দিয়েছেন বায়ার্নের বিদায়ী কোচ ইয়ুপ হেইঙ্কেস। তিনি বলেছেন, ‘আমরা সবাই জানি, মারিও গোটশের সঙ্গে চুক্তিটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর লেভানডফস্কির জন্যও হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। তাহলে বায়ার্নের কাছে আরও দুজন শীর্ষ খেলোয়াড় থাকবে।’
৩৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০ বছর বয়সী তারকা মিডফিল্ডার গোটশেকে দলে ভিড়িয়েছে বায়ার্ন মিউনিখ। রয়টার্স।