লেভানডফস্কির চাকা চুরি!

মানুষের অনেক কিছুই চুরি হয়। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড তারকা রবার্ট লেভানডফস্কির যা চুরি হয়েছে তা যথেষ্ট চমক-জাগানিয়া বৈকি। ডর্টমুন্ড তারকার বিলাসবহুল পোরশের চারটি চাকা কারা যেন খুলে নিয়ে গেছে! কেবল চাকাই নয়, সঙ্গে গাড়ির সামনের ব্রেকও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। গত শনিবার বুন্দেসলিগায় ভেরদার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোল করেছেন ২৫ বছর বয়সী এ পোলিশ তারকা। দলও জিতেছে ৫-১ গোলে। ঠিক এমন সময়ে এ কান্ড ঘটালো কারা?
ডর্টমুন্ডে নিজের বাড়ির বাইরেই পার্ক করা ছিল গাড়িটি। সেখানেই চৌর্যকম্ম সেরেছে চোরেরা। অবশ্য একে ‘চৌর্যকম্ম’ বলা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। চলতি মৌসুম শেষেই লেভানডফস্কি ডর্টমুন্ড ছেড়ে শত্রুশিবির বায়ার্ন মিউনিখে চলে যাচ্ছেন।স্বাভাবিকভাবেই পোলিশ তারকার এ সিদ্ধান্ত হজম করতে পারছে না ডর্টমুন্ড সমর্থকরা। এ কান্ড ঘটিয়ে তারই ঝাল মেটাল কিনা কে জানে! সপ্তাহ তিনেক আগে এক তরুণ সমর্থক নাকি তাঁকে হাতের মধ্য আঙ্গুল দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করেছিল!
খোয়া যাওয়া চাকাগুলোর দাম কিন্তু নেহাত কম নয়। এক সেট নতুন টায়ারের দাম পড়বে প্রায় দুই হাজার পাঁচশ ইউরো। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, টায়ার খোয়া যাওয়ার অভিযোগ পেয়েছে তারা। এএফপি।