লেভানডোফস্কির গোলে বরুসিয়ার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেভানডোফস্কি কাল মান বাঁচিয়েছেন বরুসিয়ার। ছবি: গোল ডটকম
লেভানডোফস্কি কাল মান বাঁচিয়েছেন বরুসিয়ার। ছবি: গোল ডটকম

ভ্রেদার ব্রেমেন বুন্দেসলিগায় টানা তৃতীয় ম্যাচটি গোল না খেয়ে কাটিয়ে দেবে কি না, এমন প্রশ্ন যখন সিগনাল ইদুনা পার্কের বাতাসে ভেসে বেড়াচ্ছে, ঠিক তখনই বরুসিয়া ডর্টমুন্ডের ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোফস্কি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে লেভানডোফস্কির করা গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শেষ অবধি মাঠ ছাড়তে পেরেছে বরুসিয়া। তিন খেলায় নয় পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে বরুসিয়া। একটি করে ম্যাচ কম খেলে বায়ার্ন মিউনিখ ও বেয়ার লেভারকুসেন ছয় পয়েন্ট নিয়ে যৌথভাবে রয়েছে দ্বিতীয় স্থানে।
কাল খেলার ধারা অনুযায়ী আরও বড় ব্যবধানে জিততে পারত বরুসিয়া। প্রথমার্ধে জাকুব ব্ল্যাসজাকোওস্কির শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। মার্কো রিউস নিশ্চিত গোলের সুযোগ পেয়েও তা বাইরে মারেন। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় সিগনাল ইদুনা পার্ক ছিল গোল না পাওয়ার হতাশায় আচ্ছন্ন। কোচ ইয়ুর্গেন ক্লপ কাল মার্কো রিউসকে মাঠে নামিয়েছিলেন পিয়েরে-এমিরিক আউবামিয়াংয়ের বদলে। সভেন ওয়েন্ডারের পরিবর্তে বরুসিয়ার প্রথম একাদশে ছিলেন সেবাস্তিয়ান কেহেল।
প্রথমার্ধেই মার্সেল স্ক্যামেলজারের ক্রস থেকে পাওয়া বলে নুরি সাহিনের ভলি বাইরে দিয়ে চলে যায় সমর্থকদের হতাশ করে। লেভানডোফস্কির সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ খেলে এনরিক এমখিতারিয়ান বল গোলবারের ওপর দিয়ে মারলে হতাশার মাত্রা আরও তীব্র হয় বরুসিয়া সমর্থকদের।

প্রথমার্ধ হতাশা উপহার দিলেও বরুসিয়া সফল হয় খেলার ৫৫ মিনিটে। কেভিন গ্রসক্রেউটজের পাস থেকে বল পেয়ে রিউস বক্সের মধ্যে ক্রস বাড়ালে তা থেকে গোল করেন লেভানডোফস্কি। পোলিশ স্ট্রাইকারের গোলের পর আরও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বরুসিয়ার সামনে। স্ক্যামেলজারের ক্রস ব্রেমেনের গোলরক্ষক সেবাস্তিয়ান মিয়েলিটজ কোনোমতে ফিস্ট করে ফেরালেও ফিরতি বলে নুরি সাহিন বারের ওপর দিয়ে মেরে সেই সুযোগ নষ্ট করেন।

৭৫ মিনিটে ব্ল্যাসজাকোওস্কির পরিবর্তে মাঠে নেমে আউবামিয়াং দারুণ একটি সুযোগ পেয়েছিলেন গোল করার। কিন্তু ডান প্রান্ত থেকে পাওয়া বলে আউবামিয়াংয়ের দুর্বল শট ব্রেমেন গোলরক্ষক মিয়েলিটজকে খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেনি। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে রিউসের কর্নার থেকে ম্যাট হ্যামেলসের ফ্লিক লেভানডোফস্কির পায়ে এলেও তিনি তা থেকে গোল করতে পারেননি। খেলার একেবারে শেষ দিকে বরুসিয়া পয়েন্ট হারানোর শঙ্কা থেকে মুক্তি পায় গোলরক্ষক ভেইডেনফেলারের দারুণ এক সেভে। ব্রেমেনের ফ্রাঙ্কো ডি সান্তোর শটটা ভেইডেনফেলার ফিরিয়ে দিয়ে তাঁর দলকে তুলে নেন বুন্দেসলিগার শীর্ষে। সূত্র: রয়টার্স।