লেভান্তে-কাঁটায় বিদ্ধ রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি অঘটন, দুটি হ্যাটট্রিক, আর অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের আনন্দে ভেসে যাওয়া—ইউরোপের ফুটবলে পরশু রাতের ঘটনা বলতে এগুলোই।গত মৌসুমে কোনোমতে অবনমন এড়িয়ে স্প্যানিশ লিগে টিকে আছে লেভান্তে। বার্ষিক ২০ মিলিয়ন ইউরো বাজেটের এমন একটি দলের কাছে বছরে ৫০০ মিলিয়ন বাজেটের রিয়াল মাদ্রিদের হেরে যাওয়াকে অঘটন তো বলতেই হয়।১-০ গোলের পরাজয়টির দায় রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো চাপিয়েছেন জার্মান মিডফিল্ডার স্যামি খেদিরার কাঁধে। দুই হলুদ কার্ড দেখে ৪০ মিনিটে রিয়ালকে ১০ জনের দল বানিয়ে দেন তিনি। এটা অবশ্য রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। আসলে সরাসরি লাল কার্ড পেতে পারতেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মরিনহো বলেছেন, ‘এই পরাজয়ের জন্য দায়ী স্যামি খেদিরা।’ সেভিয়া থেকে এ মৌসুমেই লেভান্তেতে আসা অঘটন ঘটানো গোলটি করেছেন কোনে ৬৮ মিনিটে।খেদিরার ওপর দায় যেমন চাপিয়েছেন, তেমনি খেদিরার পাশেও দাঁড়িয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ। স্বভাবসুলভ বাঁকা কথায় তিনি প্রতিপক্ষকে খোঁচা দিয়ে বলেছেন, ‘লেভান্তেকে অভিনন্দন জানাই। তারা বেশ চতুর। তারা জানে, কীভাবে একজন খেলোয়াড়কে ফাঁদে ফেলতে হয়। তবে হ্যাঁ, এটাও ফুটবলের অংশ।’খেলাটা হয়েছে বাজে। চোটের কারণে শুরুর একাদশে ছিলেন না গত মৌসুমে স্প্যানিশ লিগে ৪০ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো, খেলেছেন দ্বিতীয়ার্ধে। মেসুত ওজিলও খেলেছেন বদলি হিসেবে। লেভান্তের নেতিবাচক খেলার পাশে এ দুজনের অনুপস্থিতিতে রিয়ালকে মনে হয়েছে অগোছালো। ম্যাচের আগে মজা করে মরিনহো বলেছিলেন—আমরা অবনমন এড়ানোর জন্য খেলব! রিয়ালের কালকের খেলা দেখে মরিনহোর মন্তব্যকে অনেকের কাছে কৌতুক মনে না-ও হতে পারে।এ রাতের আরেকটি অঘটন ইতালিয়ান সিরি ‘আ’তে। দারুণ এক হ্যাটট্রিক করে কাভানি এসি মিলানের বিপক্ষে নাপোলিকে জিতিয়েছেন ৩-১ গোলে। মিলানের আছে ঐতিহ্য, তবে এ মৌসুমে শক্তিতে খুব বেশি পিছিয়ে নেই নাপোলি। ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব গত মৌসুমে লিগে তৃতীয় হওয়ায় এবারই প্রথম খেলছে চ্যাম্পিয়নস লিগে। আর চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে এই কাভানির গোলেই ম্যানচেস্টার সিটির সঙ্গে ফিরেছে ড্র করে। স্প্যানিশ লিগে রাদামেল ফ্যালকাওয়ের প্রথম হ্যাটট্রিকটি অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকদের জন্য ছিল নিখাদ আনন্দের উপলক্ষ। গত মৌসুমে ১৭ গোল করে পোর্তোকে ইউরোপা লিগ জেতানো কলম্বিয়ান স্ট্রাইকারের হ্যাটট্রিকেই রেসিং সান্তান্দারকে ৪-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো।এ মৌসুমেই অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে গেছেন উরুগুয়ে ও আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো ফোরলান ও সার্জিও আগুয়েরো। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ফোরলানের বিকল্প হিসেবেই ফ্যালকাওকে নিয়েছে অ্যাটলেটিকো। সমর্থকেরা আশ্বস্ত ক্লাব ভুল করেনি! তাই ৫৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করার পর যখন তুলে নেওয়া হয় ফ্যালকাওকে, আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানায় তাঁকে দর্শকেরা। এএফপি, রয়টার্স।