লেভান্তের বিপক্ষে নেই ইনিয়েস্তাও

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। সেই চোট কাটিয়ে উঠতে না পারায় আজ রাতে লেভান্তের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না তাঁর। নেইমার-ইনিয়েস্তাকে ছাড়াই আজ মাঠে নামতে হবে বার্সেলোনাকে।
বার্সেলোনার পায়ের সঙ্গে পা রেখে এবারের লা লিগায় লড়াইটা দুর্দান্তই চালাচ্ছে অ্যাটলেটিকো। ৫০ পয়েন্ট নিয়ে বার্সার সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অ্যাটলেটিকো আজ মুখোমুখি হচ্ছে সেভিয়ার সঙ্গে। বৃহস্পতিবার গেটাফের বিপক্ষে কিংস কাপের ম্যাচে গোড়ালিতে আঘাত পাওয়া ব্রাজিলীয় তারকা নেইমারও থাকছেন না আজ লেভান্তের বিপক্ষে ম্যাচে। দুই বড় ভরসার অনুপস্থিতির এই দুঃসংবাদ কি ভুলিয়ে দিতে পারবেন ফর্মে ফেরা লিওনেল মেসি?
ইনিয়েস্তার চোট গুরুতর কিছু নয়। লেভান্তের বিপক্ষে ম্যাচটি ‘বাঁচা-মরা’র হলে ইনিয়েস্তাকে নামানো হতো বলেই জানিয়েছেন কোচ। লিগের গুরুত্বপূর্ণ সময়ের কথা বিবেচনা করে ইনিয়েস্তাকে কোনো ঝুঁকির মুখে ফেলা হচ্ছে না। মেসির ফেরাটাও এই আত্মবিশ্বাসের অন্যতম কারণ। তবে আজ হয়তো একটু নিচে নেমেই খেলতে হবে মেসিকে। রয়টার্স।